সিটবেল্ট না বেঁধে ঝামেলায় ওয়ার্ন-পিটারসেনরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়িতে ওয়ার্ন-স্ল্যাটার-পিটারসেন। ছবি-ফেসবুক
গাড়িতে ওয়ার্ন-স্ল্যাটার-পিটারসেন। ছবি-ফেসবুক

ভেবেছিলেন নিজেদের আনন্দময় সময়টা ভক্তদের সঙ্গেও ভাগাভাগি করে নেবেন। সে জন্য হোবার্টে গাড়িতে চড়ে ভ্রমণের সময় ফেসবুক লাইভে এলেন শেন ওয়ার্ন। আর সেটা করেই উল্টো ঝামেলায় জড়িয়ে পড়লেন ওয়ার্নসহ চ্যানেল নাইনের আরও কয়েকজন ধারাভাষ্যকার। ট্রাফিক আইন না মানার অভিযোগে পুলিশি তদন্ত শুরু হয়েছে তাঁদের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে হতে পারে জরিমানাও।

ঘটনাটা হোবার্ট টেস্টের তৃতীয় দিন শেষে। সম্ভবত স্টেডিয়াম থেকে হোটেলে ফিরছিলেন ওয়ার্ন। গাড়িতে সঙ্গে ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক টেলর, উইকেটকিপার-ব্যাটসম্যান ইয়ান হিলি, ব্যাটসম্যান মাইকেল স্ল্যাটার, সাবেক ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন। সবাই অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজে চ্যানেল নাইনের ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। গাড়ি চালাচ্ছিলেন মার্ক টেলর।
সবাই মিলে গল্প করার ওই সময়টাতেই ফেসবুক লাইভে আসেন ওয়ার্ন। কিন্তু ভিডিওতে দেখা যায় গাড়িতে থাকা কেউই সিটবেল্ট পরেননি। মন্তব্যের ঘরে তাই অনেক ভক্ত কথাটা মনে করিয়ে দিতে থাকেন তাঁদের। শুরুতে পাত্তা দেননি কেউই। ওয়ার্ন হাসতে হাসতে বলেন, গাড়ি চালাচ্ছেন টেলর, সুতরাং কোনো ভয় নেই।
কিন্তু এক সময় ভক্তরা তাঁদের মনে করিয়ে দিতে থাকেন, সিটবেল্ট ছাড়া গাড়ি চড়া আইনত দন্ডনীয়। তারপর অবশ্য টনক নড়ে সবারই। টেলর, স্ল্যাটার, পিটারসেন, ওয়ার্ন সবাই একে একে সিটবেল্ট বেঁধে নেন।
কিন্তু ব্যাপারটা শেষ হয়নি এখানেই। ভিডিওটা নজরে আসে তাসমানিয়া পুলিশেরও। সাবেক এই ক্রিকেটাররা ট্রাফিক আইন ভেঙ্গেছেন বলে মনে করছেন তারা। তাসমানিয়া পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক ইয়ান ম্যাথুসন এক বিবৃতিতে বলেছেন, ‘এ ব্যাপারে একটা তদন্ত শুরু হয়েছে। আমরা ভিডিও ফুটেজ পেয়েছি। আমাদের কর্মকর্তারা সেটা পরীক্ষা করছেন।’
ম্যাথুসন আরও জানিয়েছেন, কোনো ক্রিকেটারের সঙ্গেই এখনো যোগাযোগ করা হয়নি। তবে অভিযোগ প্রমাণিত হলে সবার ৩০০ ডলার করে জরিমানা হতে পারে। এ ছাড়াও ট্রাফিক আইন ভাঙার কারণে তিনটি করে ডিমেরিট-পয়েন্টও পাবেন সবাই। নাইন নিউজ।