সিটি স্ক্যানের অপেক্ষায় তামিম
তামিম ইকবাল আত্মবিশ্বাসী, ২৫ সেপ্টেম্বরের আগেই খেলার মতো ফিট হয়ে যাবেন। ইংল্যান্ড সিরিজে তো বটেই, খেলতে পারবেন আফগানিস্তান সিরিজের তিনটি ওয়ানডেই। বাংলাদেশ ওপেনারের এই আত্মবিশ্বাস কতটা বাস্তব হবে, সেটা বোঝা যাবে আজ তাঁর আঙুলের সিটি স্ক্যান করানোর পর।
গত ২৭ আগস্ট মিরপুরে ফিল্ডিং অনুশীলনে বাঁ হাতের কড়ে আঙুলে চোট পান তামিম। এক্স-রেতে আঙুলের হাড়ে ফাটল ধরা পড়ে। তখনই জানা গিয়েছিল, সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ লাগবে। সেই থেকে তামিম বিশ্রামে। তবে কাল মুঠোফোনে তাঁর কণ্ঠে শোনা গেল আশাবাদ, ‘তিন সপ্তাহ এর মধ্যেই হয়ে গেছে। আঙুলে এখন ব্যথা নেই। আশা করি, সিটি স্ক্যানে ইতিবাচক ফলাফলই আসবে।’ তামিমের বিশ্বাস, চার-পাঁচ দিনের ব্যাটিং অনুশীলনেই ম্যাচ খেলার জন্য প্রস্তুত হয়ে যেতে পারবেন তিনি।
বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীও আশাবাদী, ‘ওর এখন যে অবস্থা, আফগানিস্তানের বিপক্ষে খেলতে সমস্যা হওয়ার কথা নয়। তবু আমরা কাল (আজ) একটি সিটি স্ক্যান করে এ ব্যাপারে নিশ্চিত হব।’