সিডনি টেস্টে নেই জনসন!

শুধু বল হাতে তো আর নয়, মাঠে কথার আগুন জ্বেলেও চলতি সিরিজে ভারতীয়দের চক্ষুশূল হয়ে গেছেন মিচেল জনসন। তাঁর না খেলা মানে ভারতীয়দের জন্যই স্বস্তি! হ্যামস্ট্রিংয়ের চোটে আগামী মঙ্গলবার থেকে শুরু সিডনি টেস্টে অনিশ্চিত অস্ট্রেলিয়ান পেসার। চোটের কারণে কাল দলের সঙ্গে অনুশীলনই করতে পারেননি তিনি।
প্রথম তিন টেস্টেই বেশ ধকল গেছে জনসনের ওপর দিয়ে। লম্বা স্পেল করেছেন, সেই ধকল সামলে নেওয়ার মতো যথেষ্ট সময়ও মেলেনি। দুদিন আগেই বলেছিলেন, নিজের বোলিং নিয়ে কোচ ড্যারেন লেম্যান ও অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে কথা বলতে চান। সিডনি টেস্টে ছোট স্পেলে বল করার ইচ্ছেটাও জানিয়েছিলেন তখনই। কিন্তু এখন তো শেষ টেস্টে তাঁর খেলা নিয়েই সংশয়। পরশু অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সিরিজে এ পর্যন্ত ১৩ উইকেট নেওয়া জনসন। বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না অস্ট্রেলিয়াও। এরই মধ্যে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় সিডনিতে জনসনকে বিশ্রামে রাখার কথাই ভাবছে দল। জনসন না খেললে শেষ টেস্টে তাঁর জায়গা নেবেন মিচেল স্টার্ক। সুযোগের অপেক্ষায় আছেন সিডনির ছেলে স্টার্কও, ‘যদিও অন্য একজনের ফিটনেসের ওপর নির্ভর করছে আমার খেলা। তবে আমি নিজেকে সব সময় প্রস্তুত রাখি। সুযোগ পেলে চেষ্টা করব সেরাটাই দিতে।’
যদিও ২-০ ব্যবধানে এগিয়ে থেকে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করে রেখেছে অস্ট্রেলিয়া। তবে প্রথম তিন টেস্টে উইকেট থেকে খুব একটা সহযোগিতা পাননি বলেই মনে করেন রায়ান হ্যারিস। বিশেষ করে সর্বশেষ অ্যাশেজে যেমন উইকেট ছিল তার চেয়ে এবার অনেক বেশি ব্যাটিং-বান্ধব উইকেটে ভারতের বিপক্ষে খেলা হচ্ছে বলেই মনে করেন এই অস্ট্রেলিয়ান পেসার, ‘আমার মনে হয় না উইকেট যথেষ্ট গতিময় ও বাউন্সি ছিল। আমি বলছি না একেবারে আমাদের মনের মতো ভয়াবহ বাউন্স থাকতে হবে। কিন্তু আমরা যখন ভারতে যাই তখন তো উইকেট দেখে একটা ধাক্কা খাই। তাহলে এখানে আমরা সবুজ উইকেট পেতেই পারি।’ এএফপি, ক্রিকইনফো।