
ব্যাটে-বলে জমজমাট লড়াই আর পাল্টাপাল্টি কথার তিরে মাঝে কিছুদিনের জন্য আড়ালে চলে গিয়েছিলেন ফিল হিউজ। সিডনি টেস্ট আবার ফিরিয়ে আনছে তাঁর স্মৃতি। ফিরে এসেছে শোকের আবহও। বাউন্সারের আঘাতে এ মাঠেই তো শেষবারের মতো লুটিয়ে পড়েছিলেন ফিল হিউজ। সতীর্থকে হারানোর তীব্র অনুভূতি নিয়েই সিডনিতে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে সফরকারী ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া।
এমন ভারাক্রান্ত হৃদয়ে এর আগে কোনো অস্ট্রেলিয়া দল এসসিজিতে খেলতে নামেনি৷ অস্ট্রেলিয়ানদের মনের অবস্থা কাল কিছুটা বুঝিয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ, ‘যেখানে ওই ঘটনাটা ঘটেছিল সেই মাঠে আবার ফিরে আসা ছেলেদের জন্য ভীষণ কঠিন। বিশেষ করে সেদিন যাঁরা সামনে থেকে ঘটনাটা দেখেছিলেন।’
সেদিন হিউজ-ট্র্যাজেডির প্রত্যক্ষদর্শী যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে চারজন আজ থাকছেন সিডনি টেস্টেও। ব্র্যাড হাডিন, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন ও নাথান লায়ন। এর মধ্যে হাডিন তো এখনো প্রয়াত সতীর্থের নাম শুনলেই আবেগাপ্লুত হয়ে যান, ‘সিডনিতে টেস্ট আমি সবচেয়ে বেশি উপভোগ করতাম। এটাই আমার কাছে বিশ্বের সেরা মাঠ। কিন্তু এবার নিজেকে সামলাতে পারছি না। আমাদের সবার জীবনের অনেক বড় অংশ ছিল হিউজ।’ সিরিজ নিষ্পত্তি হয়ে গেছে মেলবোর্নে ড্রয়ের পরই। তবে সিডনিতে খেলা দেখবেন হিউজের পরিবার। তাঁদের সম্মানেও নিজেদের সেরাটা দিতে চান স্মিথ, ‘আমরা পুরো গ্রীষ্মে যেমন আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি, এখানেও সেটাই খেলব। এখানে ভালো খেলে আমরা হিউজের পরিবারকে গর্বিত করতে চাই।’ এএফপি, ক্রিকইনফো।
মহেন্দ্র সিং ধোনির হঠাৎ অবসরে পাকাপাকিভাবে টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়া বিরাট কোহলিকেও ছুঁয়ে যাচ্ছে শোক। তবে শোকের পাশাপাশি স্মিথের মতোই তাঁর কাছেও মাঠের খেলাটা গুরুত্বপূর্ণ। সিরিজ হেরে গেলেও তাই শেষ টেস্টে গা-ছাড়া হয়ে থাকতে রাজি নন কোহলি, ‘আমরা লড়াই থেকে পিছু হটতে চাই না। ইতিবাচক ক্রিকেটই খেলব।’
মাঠে এবং মাঠের বাইরে যাঁর সঙ্গে কোহলির লড়াইটা সবচেয়ে জমে উঠেছিল সেই মিচেল জনসন অবশ্য চোটের কারণে নেই এই টেস্টে। তাঁর জায়গায় দলে এসেছেন পেসার মিচেল স্টার্ক। কিন্তু জনসন না থাকলেও কোহলির কি স্বস্তি আছে! এখন অধিনায়কের বাড়তি দায়িত্ব কাঁধে। ধোনির অনুপস্থিতিতে অ্যাডিলেডে নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। সিডনিতে কোহলি চাইছেন সেটাকেও ছাড়িয়ে যেতে, ‘অ্যাডিলেডে আমি কী ভুল করেছি, কোথায় উন্নতির সুযোগ আছে সেটা নিয়ে গত কয়েক দিনে অনেক ভেবেছি। আশা করি, এখানে সেগুলো শুধরে নিতে পারব।’