সিডনিতে ওয়ার্নারগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় দ্রুততম টেস্ট ফিফটির পথে ওয়ার্নার
দ্বিতীয় দ্রুততম টেস্ট ফিফটির পথে ওয়ার্নার

ইউনিস খানের অনেক চেষ্টাতেও হয়নি, ২২৩ রানের লিড ঠিকই পেয়েছে অস্ট্রেলিয়া। ফলোঅন করানোর জন্য যথেষ্ট। কিন্তু স্টিভ স্মিথ সে পথে যাননি। ভাগ্যিস যাননি, ডেভিড ওয়ার্নারের এমন একটা ইনিংস যে তাহলে আর দেখা হতো না! ওয়ার্নার-স্তুতির আগেই ম্যাচের অবস্থাটা বলে নেওয়া যাক। ৪৬৫ রানের লক্ষ্যে ১ উইকেট হারিয়ে পাকিস্তান তুলেছে ৫৫ রান। জয়ের জন্য আজ ৯৮ ওভার বোলিংয়ের সুযোগ পাবে স্বাগতিকেরা, যদি বৃষ্টি সে সুযোগ দেয়।
কালকের দিনের প্রথম সেশনটাও ছিল বৃষ্টির দখলে। খেলা শুরু হওয়ার পর এক ঘণ্টার মধ্যে ৩১৫ রানে অলআউট পাকিস্তান। সঙ্গীহারা ইউনিস অপরাজিত থাকেন ১৭৫ রানে। এ ইনিংস দিয়ে ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান তাঁর প্রয়োজনীয়তা বুঝিয়ে জানিয়ে দিলেন, দল যত দিন চাইবে তত দিনই খেলবেন, ‘দল ও বোর্ডের ইচ্ছার ওপরই সব নির্ভর করছে।’
তবে কালকের দিনটি ছিল শুধুই ওয়ার্নারের। পেশিতে টান পড়ায় বল করতে পারেননি মোহাম্মদ আমির। সে সুযোগে অন্য পাকিস্তানি বোলারদের ওপর রীতিমতো অত্যাচার করেছেন এই ওপেনার। ইয়াসির শাহের দ্বিতীয় ওভারটি দিয়ে শুরু। প্রথম ৪ বলে ছক্কা, ছক্কা, চার, চার! ওই ইয়াসিরকেই মিড অফ দিয়ে ছক্কা মেরে টেস্টের দ্বিতীয় দ্রুততম ফিফটিতে পৌঁছে যান ইনিংসের অষ্টম ওভারেই। এর আগের ওভারেই ইমরান খানকে মেরেছেন টানা ৪টি চার। ওয়াহাব রিয়াজের একটা লেংথ বলে বোল্ড হয়ে ওয়ার্নার ফিরলেও অবিশ্বাস্য গতিতে রান তুলেছে অস্ট্রেলিয়া। ১৫.৫ ওভারে ১০০ ছোঁয়া অস্ট্রেলিয়ার দুই শ এসেছে ২৮.১ ওভারে! সূত্র: ক্রিকইনফো।
৭.৫৩!
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের রানরেট। ১০০ পেরোনো টেস্ট ইনিংসে এটাই দ্রুততম। 
২০৩.৭০!
দ্বিতীয় ইনিংসে ওয়ার্নারের স্ট্রাইক রেট ছিল ২০৩.৭০। পঞ্চাশোর্ধ্ব ইনিংসে কোনো ওপেনারের সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড এটি।
৬৭২
সিরিজে বোলার ইয়াসির শাহের দেওয়া রান। যা তিন টেস্টের সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড।
টেস্টে দ্রুততম ফিফটি

বল      ব্যাটসম্যান                                 প্রতিপক্ষ          সাল

২১     মিসবাহ-উল-হক (পাকিস্তান)       অস্ট্রেলিয়া      ২০১৪

২৩      ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)          পাকিস্তান         ২০১৭

২৪     জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)    জিম্বাবুয়ে       ২০০৫

২৫     শেন শিলিংফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)   নিউজিল্যান্ড    ২০১৪

২৬     শহীদ আফ্রিদি (পাকিস্তান)          ভারত          ২০০৫

২৬     মোহাম্মদ আশরাফুল (বাংলাদেশ)   ভারত          ২০০৭

২৬     ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)       ওয়েস্ট ইন্ডিজ   ২০১৪