সিডনিতে ওয়ার্নার-ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেনশ: ১৬৭* ও ওয়ার্নার: ১১৩
রেনশ: ১৬৭* ও ওয়ার্নার: ১১৩

ওয়াহাব রিয়াজের বলটা তাঁর ব্যাটের কানায় লেগে যখন সরফরাজ আহমেদের গ্লাভসে জমা পড়ল, সিডনি ক্রিকেট মাঠের ঘড়িতে তখন বেলা ১টা বেজে ৩২ মিনিট। ব্যাট হাতে নিয়ে ডেভিড ওয়ার্নার ফিরে আসছেন ড্রেসিং রুমে, গ্যালারি উঠে দাঁড়াল তাঁর সম্মানে। লাঞ্চের পর তখন মাত্র মিনিট বিশেক খেলা হয়েছে।
সেঞ্চুরিটা অবশ্য হয়ে গিয়েছিল লাঞ্চের আগেই! আর তাতেই ইতিহাস গড়াও হয়ে গেল ওয়ার্নারের। টেস্টের প্রথম দিন লাঞ্চের আগেই সেঞ্চুরি করা ইতিহাসের মাত্র পঞ্চম ব্যাটসম্যান। ওয়ার্নারের আগে যে কীর্তি ছিল শুধু ভিক্টর ট্রাম্পার, চার্লি ম্যাকার্টনি, ডন ব্র্যাডম্যান ও মাজিদ খানের। এর মধ্যে মাজিদের কীর্তিটাও ৪০ বছরের পুরোনো, বাকি তিনজনেরটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে!
৭৮ বলে সেঞ্চুরি ওয়ার্নারের, যেটি অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে চতুর্থ দ্রুততম। সিডনিতে এটি তাঁর টানা তৃতীয় সেঞ্চুরি, টেস্ট-ওয়ানডে মিলিয়ে সর্বশেষ ৬ ইনিংসে চতুর্থবার ছুঁলেন তিন অঙ্ক। এতসব কীর্তি গড়া ইনিংসটা শেষ পর্যন্ত থেমেছে ১১৩ রানে।
ওয়ার্নারের ঝড়ে কিছুক্ষণ আড়ালে পড়ে ছিলেন। কিন্তু দিন শেষে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকদের মুখে হাসিটা চওড়া করে দিয়েছেন অন্য ওপেনার ম্যাট রেনশও। ২০ বছর ২৮১ দিন বয়সে সেঞ্চুরি করে রেনশ হয়েছেন অস্ট্রেলিয়ার সপ্তম কনিষ্ঠতম টেস্ট সেঞ্চুরিয়ান, দিন শেষে অপরাজিত ছিলেন ১৬৭ রানে। দুই ওপেনারের গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে বিশাল স্কোরের পথে অস্ট্রেলিয়াও। প্রথম দিনেই রান ৩ উইকেটে ৩৬৫, ওভারপ্রতি রান ৪.১৪!
প্রথম সেশনে অস্ট্রেলিয়ার ১২৬ রানের ১০০-ই এসেছে ওয়ার্নারের ব্যাট থেকে। দুই ওপেনারের ১৫১ রানের জুটির পর উইকেটে এসে খুব বেশি সময় থাকতে পারেননি উসমান খাজা ও স্টিভেন স্মিথ। তবে পিটার হ্যান্ডসকম্বকে নিয়ে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে আবার ১২১ রানের জুটি গড়েছেন রেনশ। প্রথম ইনিংসেই তাই রান পাহাড়ে চাপা পড়তে পারে পাকিস্তান। ক্রিকইনফো।