সিডনিতে দেখা মিলল ৫০১ রিচি বেনোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসসিজির গ্যালারিতে উপস্থিতি ‘রিচি বোনো’রা। ছবি: রয়টার্স।
এসসিজির গ্যালারিতে উপস্থিতি ‘রিচি বোনো’রা। ছবি: রয়টার্স।

রিচি বেনোর সেই কণ্ঠস্বর শোনা হয়নি কত দিন!


গত বছর এপ্রিলে পৃথিবীর মায়া কাটিয়েছেন বেনো। অস্ট্রেলিয়ার পক্ষে ৬৩টি টেস্ট খেলে ২৪৮ উইকেট নিয়েছেন। তবে নিজের ক্রিকেটার পরিচয় ছাপিয়ে গেছেন ধারাভাষ্যকার হিসেবে। কয়েক প্রজন্মের টিভি দর্শককে মন্ত্রমুগ্ধ করেছেন। তাঁর কণ্ঠস্বর হয়ে গিয়েছিল আলাদা একটি ‘ব্র্যান্ড’। অস্ট্রেলিয়া আরও অনেক টেস্ট খেলবে। কিন্তু সেই কণ্ঠস্বর আর ভেসে আসবে না!

এক বেনো লোকান্তরে। কিন্তু বেনো আছেন ভক্তদের হৃদয়ে। আজ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) অভাবনীয় দৃশ্য নতুন করে নস্টালজিয়ায় ফেলল সবাইকে। গ্যালারিতে হঠাৎই শত শত ‘রিচি বোনো’ উপস্থিত হয়ে যেন জানিয়ে দিয়ে গেল, কে বলেছেন বেনো নেই। বেনো থাকবেন। সেই হৃদয়েই।

আজ তাঁর ৫০১ ভক্ত এসসিজিতে বেনোর চুলের ধরন, ধূসর ব্লেজার আর প্রতীকী ‘বুম’ (টেলিভিশন মাইক্রোফোন) হাতে নিয়ে হাজির হয়েছিলেন এসসিজির গ্যালারিতে। আজ এসসিজিতে কেন তারা ৫০১ জনকে নিয়েই এই অনুষ্ঠানটি করলেন। এরও এক ব্যাখ্যা আছে। বোনো অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন ৬৩টি, উইকেট নিয়েছেন ২৪৮টি। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের ১৯০তম টেস্ট ক্রিকেটার। সবগুলো সংখ্যা যোগ করুন। সংখ্যাটা কিন্তু ৫০১-ই হচ্ছে।

‘দ্য রিচিস’ নামের একটা সংগঠন আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা। ভক্তদের দাবি, নিউ সাউথ ওয়েলসের এই কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকারের নামে এখন থেকে নামকরণ করা হোক সিডনি টেস্টের দ্বিতীয় দিনটা।

সিডনি টেস্টের তৃতীয় দিনকে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আগেই ‘পিংক ডে’ হিসেবে ঘোষণা করেছে। সাবেক অস্ট্রেলীয় পেসার গ্লেন ম্যাকগ্রার সংস্থার আবেদনে সাড়া দিয়ে স্তন ক্যানসার নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই এই নামকরণ। ‘দ্য রিচিস’ সিডনি টেস্টের দ্বিতীয় দিনকে ‘রিচিস ডে’ হিসেবে অভিহিত করতে চায় বেনোর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য।

দ্বিতীয় দিনটিকে বেছে নেওয়ার ব্যাখ্যাও তারা দিয়েছে। সংস্থাটি বলছে, তাদের দৃষ্টিতে একটি টেস্ট ম্যাচের সেরা দিন হচ্ছে ‘দ্বিতীয় দিন।’ কারণ এই দিনেই প্রতিপক্ষ দুই দলই একে অন্যকে ঘায়েল করতে সব ধরনের অস্ত্রের প্রয়োগ ঘটায়। দ্বিতীয় দিন অনেক সময়ই টেস্টের জয়-পরাজয়ের গতিপথ ঠিক করে দেয়। টেস্টের সবচেয়ে ‘উপভোগ্য’ দিন হিসেবে চিহ্নিত করে তাই ভবিষ্যতের সব সিডনি টেস্টের দ্বিতীয় দিনটিকে ‘রিচিস ডে’ হিসেবে অভিহিত করার দাবি তাদের। সূত্র: এবিসি নিউজ, দ্য ডেইলি টেলিগ্রাফ, রয়টার্স।