মিসবাহ-উল-হক পাকিস্তানের অধিনায়ক থাকছেন, না থাকছেন না?—প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছিল মেলবোর্ন টেস্টের পর থেকেই। ওই টেস্টের শেষ দিনই পাকিস্তানের টেস্ট অধিনায়ক অবসরের আভাস দিয়ে দেন। সিদ্ধান্তটা যেকোনো দিন নিয়ে নিতে পারেন, সেটাও বলে দিয়েছেন। তবে সেই দিনটা যে কাল থেকে শুরু সিডনি টেস্ট শেষ হওয়ার আগে নয়, তা এখন নিশ্চিত। মিসবাহর নেতৃত্বেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টের সিরিজের শেষটা খেলবে পাকিস্তান।
যখন বুঝবেন দলে আর অবদান রাখতে পারছেন না, নিজে থেকেই অবসর নিয়ে নেবেন—আগে বেশ কয়েকবারই বলেছেন মিসবাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টের পর বোধ হয় মনে হয়েছে, সে সময়টা এসে গেছে। দুই টেস্টের ৪ ইনিংসে তাঁর মাত্র ২০ রান। দল হেরেছে দুটি টেস্টেই, সিডনি টেস্টটা হয়ে দাঁড়িয়েছে শুধু নিয়মরক্ষার। তবে মিসবাহ ছেড়ে দিতে চাইলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঠিক এ মুহূর্তে তাঁকে ছাড়তে চাইছে না। পিসিবির পরিচালক (মিডিয়া) আমজাদ হোসেন কাল নিশ্চিত করেছেন, ‘মিসবাহ সিডনিতে খেলবে এবং সে-ই দলকে নেতৃত্ব দেবে।’
অবশ্য সিডনি টেস্টের পর কী হবে তা জানাননি আমজাদ। এপ্রিল-মে মাসে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টেস্ট সিরিজের আগে পাকিস্তানের আর কোনো টেস্ট নেই। ৪২ বছর বয়সী মিসবাহ তত দিন থাকবেন কি না, সেটি এখনো বলা যাচ্ছে না।
নিয়মরক্ষার টেস্ট হয়ে গেছে বলেই অস্ট্রেলিয়াও সিডনির ম্যাচটা নিয়ে বেশ নির্ভার। তারা বরং তাকিয়ে আছে সামনের সিরিজগুলোর দিকে। ফেব্রুয়ারি-মার্চে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ফেব্রুয়ারিতেই শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কোচ ড্যারেন লেম্যান ও তাঁর সহকারীরা ওই সময় ভারত টেস্টের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকবেন বলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে জাস্টিন ল্যাঙ্গারকে। তাঁর সহকারী জেসন গিলেস্পি। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচ ল্যাঙ্গার এর আগেও লেম্যানের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার কোচ হিসেবে কাজ করেছেন। কাল নিশ্চিত হয়েছে এ দুজনের সঙ্গে কোচিং প্যানেলে যোগ দিচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংও।
৪২ বছর বয়সী পন্টিং আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের কোচ হিসেবে কাজ করেছেন। অন্তর্বর্তীকালের জন্য হলেও এবার অস্ট্রেলিয়া দলের সঙ্গে যুক্ত হতে পেরে বেশ আনন্দিত সাবেক অস্ট্রেলীয় ব্যাটসম্যান, ‘আমি আগেও বলেছি, ক্যারিয়ার শেষের পরও আমি ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চাই। এবার সুযোগ এসেছে জাতীয় দলকে নিয়ে কাজ করার। সঙ্গে সতীর্থ ল্যাঙ্গার আর গিলেস্পিকেও পেয়েছি। আশা করছি, দারুণ একটি সিরিজ কাটবে।’ ক্রিকইনফো, এএফপি।