সিডনির দ্বিতীয় দিন মাত্র ৬৮ বলের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্লোস ব্রাফেটের ব্যাট কথা বলল আজ। ছবি: ক্রিকইনফো।
কার্লোস ব্রাফেটের ব্যাট কথা বলল আজ। ছবি: ক্রিকইনফো।

ফ্রাঙ্ক ওরেল ট্রফি এখন ডেড রাবার। প্রথম দুটো টেস্ট খুব সহজে জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজের মজাটা শেষ করে দিয়েছে অস্ট্রেলিয়াই।

সিডনি টেস্ট তাই হচ্ছে ক্যারিবীয়দের কিছু কুড়িয়ে পাওয়ার, আর অস্ট্রেলিয়ার জয়ের আধিপত্য ধরে রাখার লড়াই। এই লড়াইয়ের দ্বিতীয় দিনে বৃষ্টি এমন উৎপাত শুরু করল যে গোটা দিনে খেলা মাঠে গড়াল মোটের ওপর ৬৮ বল। বাকি সময় পুরোটা জুড়েই ছিল বৃষ্টি আর বৃষ্টি একটু থামতেই মাঠকর্মীদের অস্থির তৎপরতা।

টেস্টের প্রথম দিনটা ক্যারিবীয়দের ‘বীর’ ছিলেন ক্রেগ ব্রাফেট। দ্বিতীয় দিনে ক্রিকেটের সংক্ষেপিত মঞ্চায়নেও ‘বীর’ আরও এক ব্রাফেট। এই ব্রাফেটের আদ্যক্ষর অবশ্য কার্লোস। আগের দিন ৩৫ রানে অপরাজিত থেকে নিজের সংগ্রহকে তিনি টেনে নিয়েছেন ৬৯ পর্যন্ত। জেমস প্যাটিনসনের বলে আউট হয়ে শেষ হয় কার্লোসের এই সংগ্রামী ইনিংসটি।​

৬৯ রানের ইনিংসটি কার্লোসকে দারুণ একটা রেকর্ডের মালিক বানিয়েছে। টেস্ট ইতিহাসের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে ৮ নম্বর বা এর নিচে ব্যাট করে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টেই হাফ সেঞ্চুরি করার গৌরব অর্জন করলেন তিনি। কার্লোসের আগের দুজনই অবশ্য অস্ট্রেলীয়। ১৮৯৪-৯৫ মৌসুমে প্রথম অ্যালবার্ট ট্রট এই কীর্তি গড়েছিলেন। ট্রটের কীর্তিতে এর পর ভাগ বসান ১৯০৭-০৮ মৌসুমে হ্যানসন কার্টার।

প্রথম দিন ক্রেগ ব্রাফেট করেছিলেন ৮৫। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান লায়ন পঞ্চম অস্ট্রেলীয় স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে শততম উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছিলেন। ২ উইকেট শিকার করা লায়ন অবশ্য আজ তাঁর উইকেট-সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ খুব একটা পাননি। সব মিলিয়ে ৬৮ বল খেলায় ওয়েস্ট ইন্ডিজ তাদের আগের দিনের ২০৭ রানের সঙ্গে যোগ করতে পেরেছে আর ৪১ রান।

যা হয় আর কী, দ্বিতীয় দিন প্রায় গোটা বৃষ্টি খেয়ে ফেলায় কাল খেলা শুরু হবে একটু আগেভাগেই। কিন্তু আবহাওয়ার প্রতিবেদন যা বলছে, তাতে কালও সিডনির আকাশের মুখ গোমড়া থাকার শঙ্কা যথেষ্টই। সূত্র: এএফপি।