সিনিয়রদের ছাড়া তরুণদের প্রমাণের সুযোগ

পাঁচ ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে আয়ারল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। এই সফরে একগাদা তরুণমুখ। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে নিজেদের প্রমাণের সুযোগ এই তরুণদের
মাঝে প্রায় আট মাসের মতো কোনো খেলাই ছিল না বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু কিছুদিন ধরে আবার দারুণ ব্যস্ত সূচি। কয়েক দিন আগে বাংলাদেশ থেকে খেলে গেল শ্রীলঙ্কা ‘এ’ দল। ওই সিরিজের রেশ না কাটতেই আজ আবার পাঁচ ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে আয়ারল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।
‘এ’ দলের সফরগুলোয় দলগত লক্ষ্যের চেয়ে ব্যক্তিগত লক্ষ্যটা কখনো কখনো বেশি গুরুত্ব পায়। কাল দলের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে সংবাদমাধ্যমের আলাপচারিতায় ওই বিষয়টাই উঠে এল নতুন করে। এই যেমন উইকেটরক্ষক নুরুল হাসানের কথাই ধরুন। ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৪ রানের এক ইনিংস খেলে দলকে ১০০-এর নিচে অলআউট হওয়া থেকে বাঁচিয়েছেন। টেস্ট সিরিজের পর দেশে ফিরে আবার ‘এ’ দলের হয়ে যাচ্ছেন আয়ারল্যান্ড।
এটাকে দেখছেন নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ হিসেবে। আগামী বছর ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার লক্ষ্যটাও যেন উঁকি দিয়ে যায় তাঁর কথায়, ‘আয়ারল্যান্ডে ভালো কিছু করতে পারলে, সেটা বিশ্বকাপে দলে যারা ডাক পাবে তাদের অনেক আত্মবিশ্বাস জোগাবে। আর তা ছাড়া জাতীয় দলে আমরা সিনিয়রদের পারফরম্যান্সের ওপর নির্ভরশীল। আমরাও যে দায়িত্ব নিতে পারি, এই সফরে সেটা প্রমাণেরও একটা সুযোগ।’
টি-টোয়েন্টি দলে ডাক পেয়ে ওয়েস্ট ইন্ডিজে পাড়ি দেওয়া সৌম্য সরকারের বদলি হয়ে যাচ্ছেন ডানহাতি ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। বিপিএলের পারফরম্যান্স দিয়ে বছরের শুরুতে জাতীয় দলে ফিরেছিলেন ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। পরের সিরিজে আবার বাদ। তাঁরও লক্ষ্য আয়ারল্যান্ডে পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের দরজায় কড়া নাড়া, ‘প্রতিপক্ষের চেয়ে বড় চ্যালেঞ্জ হলো ওখানকার কন্ডিশন। ওই কন্ডিশনে যারা ভালো খেলবে, নির্বাচকদের ভাবনায় তারা ভালোমতোই থাকবে। যেখানেই খেলি না কেন জাতীয় দলের ফেরার তাড়নাটা তো মনের মধ্যে থাকেই।’
প্রায় একই রকম লক্ষ্য অলরাউন্ডার আফিফ হোসেন ও অফ স্পিনার নাঈম হাসানেরও। বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে আফিফের অভিষেক হলেও নাঈম হাসান এখনো অভিষেকের অপেক্ষায়। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পেয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মাঝপথে ফিরে এলেও সাইডলাইনে বসেই কাটাতে হয়েছিল নাঈমকে। ওই অর্থে আসলে দুজন জাতীয় দলের হয়ে নিজেদের প্রমাণের সুযোগই পাননি। আয়ারল্যান্ডে পারফর্ম করতে পারলে সুযোগটা হয়তো আবারও কড়া নাড়বে দরজায়।
‘এ’ দলের আয়ারল্যান্ড সফরসূচি | ||
১ আগস্ট | ১ম ওয়ানডে | উইকলো |
৩ আগস্ট | ২য় ওয়ানডে | উইকলো |
৫ আগস্ট | ৩য় ওয়ানডে | উইকলো |
৮ আগস্ট | ৪র্থ ওয়ানডে | ডাবলিন |
১০ আগস্ট | ৫ম ওয়ানডে | ডাবলিন |
১৩ আগস্ট | ১ম টি-টোয়েন্টি | ডাবলিন |
১৫ আগস্ট | ২য় টি-টোয়েন্টি | ডাবলিন |
১৮ আগস্ট | ৩য় টি-টোয়েন্টি | ডাবলিন |