সিপিএলও জিতলেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএল জিতেছেন দুবার, বিপিএলেও নেওয়া আছে শিরোপার স্বাদ। এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) চ্যাম্পিয়ন হলো সাকিব আল হাসানের দল। সেন্ট কিটসের ফাইনালে কাল ৪৩ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে জ্যামাইকা তালওয়াস।

দ্বিতীয় প্লে-অফে ১ ওভারে ৩ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বাংলাদেশের সাকিব। তবে সেদিনের তুলনায় কাল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে সাকিবের বোলিংটা হলো আরও দুর্দান্ত। উইকেট পেয়েছেন ২টি, তার চেয়েও বড় কথা সাকিবকে ঠিকভাবে খেলতেই পারছিলেন না গায়ানার ব্যাটসম্যানরা। ৪ ওভারে রান দিয়েছেন ২৫। বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম নিয়েছেন ৩ উইকেট, পেসার কেসরিক উইলিয়ামস ২টি। জ্যামাইকার বোলারদের দাপটে ১৬.১ ওভারে মাত্র ৯৩ রানেই অলআউট গায়ানা। তথ্যসূত্র: ক্রিকইনফো।

বল হাতে সফল সাকিবকে ব্যাটিংয়ে নামতেই হয়নি। দুই ওপেনার গেইল-ওয়াল্টন মিলেই করে ফেলেন ৭৯। ২৭ বলে ৫৪ করে গেইল ফিরে যাওয়ার পর ওয়াল্টন (২৫*) বাকি কাজটা করেন কুমার সাঙ্গাকারাকে (১২*) নিয়ে।