সিপিএলে বাংলাদেশের সাত ক্রিকেটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সুপার লিগের (পিসিএল) প্রথম আসরে খেলতে যাচ্ছেন তামিম-সাকিব-মুশফিকরা। এটা পুরোনো খবর। নতুন খবর হলো পিসিএলের পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) খেলার সুযোগ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের।
সিপিএল কাল চতুর্থ আসরের জন্য খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের বাইরে ছয়জন ‘মার্কি’ খেলোয়াড় থাকছেন এই টুর্নামেন্টে। এর বাইরে ১৬৩ জন বিদেশি খেলোয়াড়কে রাখা হয়েছে তালিকায়। সেখানে স্থান পেয়েছেন বাংলাদেশের সাতজন খেলোয়াড়। প্রথম নামটি তো খুবই অনুমেয়—সাকিব আল হাসান। এ ছাড়া বিবেচনায় আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ ও বিশ্ব ক্রিকেটের নতুন সেনসেশন মুস্তাফিজুর রহমান। ১১ ফেব্রুয়ারি বার্বাডোজে অনুষ্ঠিত হবে নিলাম। সেদিনই ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিজ নিজ দল গোছানোর সুযোগ পাবে।
তার আগেই অবশ্য অন্য একটি ফ্র্যাঞ্চাইজি লিগের নিলামে উঠবেন তামিমরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের নিলামে খেলোয়াড় তালিকায় আছেন পাঁচজন বাংলাদেশি। তামিম, সৌম্য, মুশফিক, মুস্তাফিজ ও তাসকিন আহমেদ নিলামে উঠবেন আগামী শনিবার। এর মাঝে সৌম্য, তাসকিন ও মুশফিকের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। তামিম ও মুস্তাফিজের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।
সাকিবকে কলকাতা নাইট রাইডার্স ধরে রাখায় নতুন করে নিলামে উঠতে হবে না তাঁকে। দেখার অপেক্ষা, আইপিএলে স্বদেশি কাউকে সঙ্গী হিসেবে পাচ্ছেন কি না সাকিব।