সিপিএলে সাকিবের দলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যামাইকা ৫ উইকেটে জয়ী
জ্যামাইকা ৫ উইকেটে জয়ী

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জয় পেয়েছে সাকিব আল হাসানের জ্যামাইকা তালাওয়াস। গতকাল রাতে সেন্ট কিটসে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে তাদের জয় ৫ উইকেটে। ম্যাচে ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলেও বল হাতে খুব একটা খারাপ করেননি বাংলাদেশের অলরাউন্ডার।
টসে হেরে ব্যাট করতে নেমে জ্যামাইকা মোটামুটি চ্যালেঞ্জিং স্কোরই গড়ে। নির্ধারিত ২০ ওভারে ১৫৩ রান—লড়াইয়ের জন্য খুব মন্দ কিছু ছিল না। ক্রিস গেইলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫১ রান। ৩৬ বলে ৪ চার আর ৩ ছয়ে সাজানো এই ইনিংসের পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ আন্দ্রে রাসেলের অপরাজিত ৩৪। এ ছাড়া কুমার সাঙ্গাকারা ২৬ আর ইমাদ ওয়াসিম করেন ১৯ রান। সাকিব ১৫ বল খেলে করেন মাত্র ৭।
জবাবে ব্যাট করতে নেমে সেন্ট কিটস অ্যান্ড নেভিস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে থেমে যায় ১৪৮ রানেই। লেন্ডল সিমন্স করেন সর্বোচ্চ ২৯ রান। এ ছাড়া ফ্যাফ ডু প্লেসি ও জোনাথন কার্টার দুজনেই ২৭ আর ডেভন টমাস ২৫ রান করেন। সাকিব উইকেটের পেছনে সাঙ্গাকারার সহায়তায় ফেরান কার্টারকে। সাকিবের ক্যাচেই কেশরিক উইলিয়ামসের বলে সাজঘরে ফেরেন প্যাট্রিয়টসের থিসারা পেরেরা। নির্ধারিত কোটার ৪ ওভার বল করে সাকিবের একমাত্র উইকেটটি এসেছে ২৫ রানের খরচায়। সূত্র: ইএসপিএন ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর: জ্যামাইকা তালাওয়াস: ১৫৩/৭ (২০ ওভার, গেইল ৫১, রাসেল ৩৪* সাকিব ৭), সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ১৪৮/৭ (২০ ওভার, লেন্ডল সিমন্স ২৯, ডু প্লেসি ২৭, কেসরিক উইলিয়ামস ৩/২৩, সাকিব ১/২৫)