সিরিজ অস্ট্রেলিয়ার
ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক জেপি ডুমিনি হয়তো আফসোস করেছেন, ইশ্, রবিন পিটারসনের থ্রোটা যদি স্টাম্পে লাগত! ক্যামেরন হোয়াইট তখনো ক্রিজে পৌঁছাননি, নিশ্চিতভাবেই আউট হয়ে যেতেন। অস্ট্রেলিয়ার হাতে থাকত ১ উইকেট, সমীকরণ হয়ে যেত ২ বলে ২ রান। কে জানে, ম্যাচের ফলটা অন্য রকমও হতে পারত।
কিন্তু সেটা হয়নি। ৩১ বলে ৪১ রান করে ওই হোয়াইটই শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। সিডনিতে অস্ট্রেলিয়া ম্যাচটা জিতেছে ২ উইকেটে। প্রথম ম্যাচে হারা অস্ট্রেলিয়া দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা জিতে নিল ২-১ ব্যবধানে।
দক্ষিণ আফ্রিকার ১৪৫ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াকে ঝোড়ো সূচনা এনে দেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ২৫ বলে করেন ৩৩। কিন্তু ফিঞ্চ আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া, বলার মতো রান করতে পেরেছেন শুধু বেন ডাঙ্ক (৮ বলে ১৪) ও গ্লেন ম্যাক্সওয়েল (১৫ বলে ২৩)। শেষ পর্যন্ত হোয়াইটের ব্যাটেই জয়ের বন্দরে নোঙর করেছে স্বাগতিকেরা। দক্ষিণ আফ্রিকার পিটারসন ও ডেভিড ভাইস নিয়েছেন ৩টি করে উইকেট। এর আগে বোলাররা হোয়াইটদের কাজটা অনেক সহজ করে দিয়েছিলেন। ক্রিকইনফো।
কুইন্টিন ডি কক (৪৮) ও রিজা হেনড্রিকসের (৪৯) ব্যাটিংয়ে ৮ ওভারেই ৬৮ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। দুজনই আউট হওয়ার পর অন্যরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে, দুই অঙ্ক ছুঁতে পারেন শুধু ডেভিড মিলার (৩৪*)।