সিরিজ এখন ৩-২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিতলেই নিশ্চিত টানা চতুর্থ সিরিজ জয়। কিন্তু কাল পিটারমারিজবার্গে বৃষ্টি-বিঘ্নিত পঞ্চম যুব ওয়ানডেতে হেরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃষ্টির কারণে ম্যাচ হয়ে গেছে ৩৮ ওভারের। টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার যুব দল ৬ উইকেটে করে ১৮৩ রান। এরপর বাংলাদেশের যুবারা ৩১ ওভারেই অলআউট ১৪৯ রানে। ৩৪ রানে হারের পরও ৭-ম্যাচ সিরিজে ৩-২-এ এগিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯।

২৪.১ ওভারে ৮৫ রান তুলতেই ৪ উইকেট হারায় স্বাগতিকেরা। সেখান থেকেই মাত্র ১৩ ওভারে ৯৪ রানের জুটি গড়েন উইয়ান মুল্ডার (৫৬) ও দায়ান গালিয়েম (৪২)। দুই স্পিনার সালেহ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ২টি করে উইকেট।

পরে ব্যাট হাতেও সর্বোচ্চ ৬৭ রান অধিনায়ক মেহেদীর। ৪৮ রানেই নেই ৬ উইকেট, মোসাব্বেক হোসেনকে (৪০) নিয়ে সপ্তম উইকেটে ৮০ রানের জুটি গড়ে জয়ের আশা জাগিয়েছিলেন অধিনায়ক। কিন্তু ১২ রানের ব্যবধানে দুজনের বিদায়েই আশার সমাপ্তি।

সিরিজের ষষ্ঠ ম্যাচ আগামীকাল ডারবানে।