সিরিজ জয়ে চোখ মাশরাফির

উইনিং কম্বিনেশন ভাঙা কি ঠিক হবে?
নিজে তো খুবই রসিক, অন্যের রসিকতা ধরতেও তাঁর জুড়ি নেই। হাসতে হাসতে মাশরাফি বিন মুর্তজার ঝটপট উত্তর, ‘আমি তো এ নিয়ে খুবই চিন্তিত...।’
প্রথম ওয়ানডেতে খেলেননি আইসিসির নিষেধাজ্ঞা থাকায়। আজ খেলবেন। কিন্তু মাশরাফি দলে ফিরলে তো প্রথম ওয়ানডের উইনিং কম্বিনেশন ভাঙতে হয়! হোটেল সোনারগাঁওয়ের সংবাদ সম্মেলনের পর কাল রসিকতাটা করা হলো ওই নিয়েই। মাশরাফিও দেখালেন কপট চিন্তার ভাব।
অধিনায়ক যখন, দলসংক্রান্ত চিন্তাগুলো তাঁর মাথায়ই বেশি ঘুরপাক খায়। কিন্তু এবারের পাকিস্তান সিরিজ সে জায়গায় কেমন একটা নির্ভার হাওয়া বইয়ে দিচ্ছে। ওয়ানডে সিরিজ শুরুর আগ থেকেই বাংলাদেশ দলের খেলোয়াড়েরা নিজেদের ফেবারিট বলে আসছেন। প্রথম ওয়ানডের অনায়াস জয়ের পর সেটি আরও বেশি করে প্রতিষ্ঠিত, দলের ভেতর নির্ভার হাওয়াটাও হয়েছে জোরালো।
কাল যেমন অনুশীলন ছিল না। সকালে একটু সুইমিং, এরপর টিম মিটিং, বিকেলে কারও ইচ্ছে হলে জিমে গেছে—এই ছিল বাংলাদেশ দলের সারা দিনের রুটিন। মাশরাফি পুরো ব্যাপারটাকে আরও নির্ভার করে দিতেই কিনা আরেকটু রসিকতা করলেন, ‘সবাইকে বউয়ের সঙ্গে দেখা করার জন্য ছুটি দেওয়া হয়েছে...।’
আপাতত আজকের ম্যাচে, এই ম্যাচ জেতা হয়ে গেলে ২২ এপ্রিলের শেষ ওয়ানডেতেও জয় চায় বাংলাদেশ। অর্থাৎ পরশু রাতের সাফল্য অবচেতনে হলেও নিয়ে আসছে বাংলাওয়াশের (৩-০) স্বপ্ন। যদিও মাশরাফির চোখে এ রকম আগাম ভাবনা একটা চাপ, ‘আমরা যখন দেশে খেলি এবং প্রথম ম্যাচ জিতে যাই, তখনই হোয়াইটওয়াশ বা বাংলাওয়াশ নিয়ে কথা ওঠে। এগুলোকে আমার কাছে অতিরিক্ত চাপ মনে হয়।’ মুখে চাপ বলছেন, তবে সেটিকে অনুভবের সীমানায় আনতে চাইছেন না। ঘুরিয়ে-ফিরিয়ে বললেন অধিনায়কোচিত কথাটাই, ‘এ মুহূর্তে পরের ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ। এটা জিতলেই সিরিজ জিতে যাব। আর শেষ ম্যাচেও নিশ্চয়ই আমরা হারার জন্য নামব না।’ সিরিজ জয়ের ম্যাচের আগে অবশ্য শর্ত দিয়ে রাখলেন—আজ প্রথম ম্যাচের মতোই কোনো ভুল করা যাবে না।
প্রথম ওয়ানডেতে ভুলত্রুটি ছিল না বললেই চলে, বাংলাদেশ দলের মধ্যে কোনো ভয়ডর কাজ করেছে বলেও মনে হয়নি। যে পাকিস্তানের বিপক্ষে গত ১৬ বছরে কোনো জয় ছিল না; যাদের বিপক্ষে যতবারই তীরের কাছে গেছে বাংলাদেশ দল, স্নায়ুচাপের ভারে ডুবে গেছে তরি—সিরিজ শুরুর ম্যাচে তামিম-মুশফিকরা তাঁদেরই কী ধাক্কাটাই না দিলেন! ম্যাচ শেষে জয়োৎসব না করে ড্রেসিংরুমে ফিরে ক্রিকেটাররা যেন বোঝাতে চাইলেন, এই জয় তাঁদের প্রাপ্য। মাতামাতির কিছু নেই। মাশরাফির কথা শুনে মনে হলো, বড় দল হয়ে ওঠার পথে এটাও একটা ধাপ, ‘অধিনায়ক হওয়ার পর থেকে চেষ্টা করছি, যেকোনো পরিস্থিতিতে যেন দলের শরীরী ভাষাটা ভালো থাকে। শুরু ভালো না হলে শরীরী ভাষাও ভালো হয় না। কাল (পরশু) যেমন আমরা শুরুতেই ভালো খেলেছি, ফলে পুরো ম্যাচেই আমাদের শরীরী ভাষা ছিল ইতিবাচক। আমি দেখতে চাই, কঠিন পরিস্থিতিতে শরীরী ভাষাটা কেমন থাকে। আমরা সবাই এ নিয়ে কাজ করছি।’
সেই কাজের ফল তো মিলল নগদই। মাশরাফি অবশ্য সাফল্যের পেছনে আরও অনেক কিছু যোগ করছেন। খেলোয়াড়দের মনোজগতের পরিবর্তন যেমন একটা, ‘আমার কাছে মনে হয়, খেলোয়াড়েরা এখন সবকিছু গ্রহণ করতে পারছে।’ দলের প্রতি খেলোয়াড়দের আগের চেয়ে অনেক বেশি নিবেদিতও মনে করেন অধিনায়ক, ‘বিশ্বের সেরা দল অস্ট্রেলিয়ার দিকে তাকান, দেখবেন বেশির ভাগ সময় সবাই ব্যাটিংয়েরই সুযোগ পায় না। কিন্তু ভালো দলের লক্ষণ হলো, আপনি হয়তো ব্যাটিংয়ের সুযোগ পাননি, তখন ফিল্ডিংয়ে সবটুকু উজাড় করে দেবেন বা বোলিংয়ে ভালো করবেন। আমাদের দলে এটাই এখন চলছে।’
মনস্তাত্ত্বিক পরিবর্তনের কথা বললে উদাহরণ হিসেবে আসতে পারেন তামিম ইকবালও। বিশ্বকাপেই স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ রানের ইনিংস খেলেছেন। অথচ পরের তিন ম্যাচে রান না পাওয়ায় বাংলাদেশের ক্রিকেটে তিনি যেন ভিলেনে পরিণত হয়েছিলেন! পরশু দুর্দান্ত এক সেঞ্চুরিতেই জবাব দিলেন বাঁহাতি ওপেনার। তবে বাইরে যত সমালোচনাই হোক, দলের ভেতর সমর্থনই পেয়ে গেছেন তামিম। এর আগে সাকিব, মুশফিক বলেছেন, কাল মাশরাফিও বললেন, ‘সব সময়ই বলে এসেছি, তামিমের রান করাটা সময়ের ব্যাপার। যেভাবে অনুশীলন করছিল, তা দেখেই মনে হয়েছে ও ভালো করবে। দোয়া করবেন, যাতে এই ফর্মটা ধরে রাখতে পারে।’
তামিমের ভালো ব্যাটিং মানেই দিগন্তে জয়ের রেখা দেখতে পাওয়া। মিরপুরে আজও হয়তো সে রকম কিছু দেখাবেন তিনি। সিরিজ জয়ের উৎসবটাও তাহলে আজই হয়ে যায়!