সিরিজ জয়ের ম্যাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘খুলনায় ক্রিকেট উৎসব’ অথবা ‘হরতাল বাধা হবে না টেস্ট ম্যাচে’—শিরোনাম হতে পারত যেকোনো একটি লাইন। কিন্তু কোনোটিকেই না নিয়ে সিরিজ জয়ের ব্যাপারটাকে শিরোনামের বিষয়বস্তু করার একটাই কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন টেস্টের সিরিজের ফলাফলটা যেন তাকিয়ে আজ থেকে শুরু খুলনা টেস্টের দিকেই।
বলতে পারেন, চট্টগ্রামে তো আরেকটা টেস্ট আছে। এখনই সিরিজের ফলাফল নিয়ে লাফালাফি কেন? তা ছাড়া খুলনা টেস্ট তো ড্রও হতে পারে! সে ক্ষেত্রে এটি তখন সিরিজ জয়ের ম্যাচ হবে না, হবে না সিরিজে ফেরারও। তত্ত্বগতভাবে কথাটা শতভাগ ভাগ সত্যি। কিন্তু ঢাকায় তিন দিনে শেষ হওয়া প্রথম টেস্ট যে অন্য সম্ভাবনাই তুলে ধরছে সামনে! দুই দলের ব্যাটিংয়ের যে করুণ চিত্র প্রথম টেস্টে দেখা গেছে, তাতে এ কথা মনে হওয়ার কোনোই কারণ নেই যে শুধু ব্যাট-বলের খেলা দিয়ে খুলনা টেস্টটা তারা পঞ্চম দিনে নিয়ে এমনকি ড্র করতে পারে। চার দিনের মধ্যে খেলা শেষ হয়ে যাওয়াটা এখানে অবশ্যম্ভাবী। সম্ভাবনা বেশি ফলাফল আসারই। এখন সেই ফলাফল বাংলাদেশের দিকে হেলবে নাকি জিম্বাবুয়ের দিকে, সেটাই প্রশ্ন।
প্রথম টেস্টে হেরে যাওয়ায় জিম্বাবুয়ের জন্য এটা সিরিজে ফেরার ম্যাচ। শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন শেষ করে কাল অধিনায়ক ব্রেন্ডন টেলর বলে গেলেন, ‘আমাদের জয়ের বিকল্প নেই। চাপ আমাদের ওপর আছে, কিন্তু তার মধ্যেই পারফর্ম করতে হবে। নতুন ম্যাচ, নতুন মাঠ। আমরা চ্যালেঞ্জটা নেওয়ার অপেক্ষায় আছি।’ অন্যদিকে বাংলাদেশ দল চায় খুলনাতেই সিরিজ জয় নিশ্চিত করে চট্টগ্রামের শেষ টেস্টটাকে আনুষ্ঠানিকতার ম্যাচ বানাতে। অধিনায়ক মুশফিকের কথা, ‘পাঁচ দিন খেলেও যদি আমাদের জিততে হয়, সেটা করতেও আমরা প্রস্তুত। যেভাবেই হোক আমরা জয়ের জন্য প্রস্তুত। দলের সবাই ফিট। সবাই ইনশা আল্লাহ পারফর্ম করার জন্য মুখিয়ে আছে।’
এই ম্যাচের দল নিয়ে বাংলাদেশ শিবিরে যে রকম চিন্তাভাবনা, তাতে অবশ্য তাদের লম্বা টেস্ট খেলার প্রস্তুতিটাই চোখে পড়ে। পরীক্ষার জন্য ছুটি নেওয়া পেসার আল-আমিনের জায়গায় নেওয়া হয়েছে ব্যাটসম্যান এনামুল হককে (বিজয়)। তাতে খুলনায় একজন ব্যাটসম্যান বেশি খেলানোর চিন্তাটাই প্রকাশিত। যদিও দ্বিতীয় টেস্টে সেই বাড়তি ব্যাটসম্যান হিসেবে এনামুলের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। বরং সম্ভাবনার দৌড়ে তাঁর চেয়ে অনেকটাই এগিয়ে মার্শাল আইয়ুব।
খুলনার উইকেট দেখে কাল দুই অধিনায়কই অনুমান করলেন, শেরেবাংলা স্টেডিয়ামের মতো বাউন্স-মুভমেন্ট এখানে পাওয়া যাবে না। দ্বিতীয় টেস্টের উইকেট হতে পারে কিছুটা মন্থর আর স্পিনারদের স্বর্গ। তবে একাদশ চূড়ান্ত করার আগে দুই দলই উইকেটের আজকের চেহারাটা দেখে নিতে চায়। উইকেটের সম্ভাব্য আচরণের ওপর নির্ভর করছে বাংলাদেশ দল এই টেস্ট এক পেসার নিয়ে খেলবে, নাকি দুই পেসার নিয়ে।
দুই পেসার নিয়ে খেললে শাহাদাত হোসেনের সঙ্গে আল আমিনের জায়গায় আসতে পারেন রুবেল হোসেন। ব্যাটিংয়ে শুভাগত হোম চৌধুরীর জায়গায় দেখা যেতে পারে মার্শালকে। আবার এমনও হতে পারে, বাড়তি ‘স্পিন অপশন’ রাখার কথা চিন্তা করে শুভাগত-মার্শালসহ আট ব্যাটসম্যান নিয়েই খেলল বাংলাদেশ। সে ক্ষেত্রে বোলিং আক্রমণে দুই বিশেষজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম আর জুবায়ের হোসেনের সঙ্গে পেসার হিসেবে খেলবেন শুধু শাহাদাত। পরিবর্তন হতে পারে জিম্বাবুয়ে দলেও। সেটা কী, তা না জানালেও টেলর কাল নিশ্চিত করে দিয়েছেন, পরশু অনুশীলনে পাওয়া হাতের চোট কাটিয়ে উঠেছেন ক্রেইগ আরভিন। দ্বিতীয় টেস্টে খেলার মতো ফিট তিনি।
এমনিতেই বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের মর্যাদা অনেকটা ‘গরিবের অ্যাশেজে’র মতো। তার ওপর এবারের সিরিজটার ওপর নির্ভর করছে টেস্ট র্যা ঙ্কিংয়ে দুই দলের এগোনো-পেছানোর ব্যাপার। সিরিজের বাকি দুই টেস্টে সে কারণেই প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ একটু বেশি পাওয়া যাচ্ছে।
সে প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত যারাই জয়ী হোক না কেন, লাভটা আপাতত খুলনার ক্রিকেটামোদী দর্শকদের। দুই বছর পর আবারও টেস্ট ম্যাচের আয়োজক হয়ে নগরে এমনিতেই উৎসবের আমেজ। টেস্ট ম্যাচের টিকিটের জন্য হাহাকার কিংবা জামায়াতে ইসলামীর ডাকা হরতালও তাতে বাধা হতে পারছে না। কাল সকালে শেখ নাসের স্টেডিয়ামে এসে বিভাগীয় কমিশনার আবদুস সামাদ আশ্বাস দিয়ে গেলেন, ‘হরতালে যাতে খেলায় কোনো সমস্যা না হয়, সে জন্য সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া আছে।’ খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত বিসিবির পরিচালক শেখ সোহেল কোনো ত্রুটি রাখতে চাইছেন না মাঠের আয়োজনেও। এই টেস্টটা প্রথমে চট্টগ্রামে হওয়ার কথা থাকলেও মূলত তাঁর চেষ্টাতেই সেটির আয়োজক খুলনা। মাঠে দাঁড়িয়েই শেখ সোহেল বলছিলেন, ‘খুলনার মানুষ যেন ক্রিকেটটাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারে, আমরা সে চেষ্টাই করছি।’ খুলনাবাসীকে সত্যিকারের ক্রিকেটানন্দে ভাসাতে হলে অবশ্য আসল কাজটা করতে হবে বাংলাদেশ দলকেই। খুলনা টেস্টটাকে বানাতে হবে সিরিজ জয়ের ম্যাচ।