সিরিজ জিততে চান রুমানারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার মেয়েদের দল ঢাকায় এসে পৌঁছেছে কাল বিকেলে। আজ সকাল সাড়ে ১০টায় অতিথি দলটি চলে যাবে কক্সবাজারে। সেখানে প্রোটিয়াদের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের মেয়েরা প্রস্তুতি শুরু করেছে গত মাসের শেষ সপ্তাহে। রুমানাদের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। ৪ জানুয়ারি কক্সবাজারে অনুশীলন শুরুর পর মেয়েরা তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন কক্সবাজার জেলার ছেলেদের অনূর্ধ্ব-১৬ ও ১৭ দলের সঙ্গে। তিন ম্যাচের দুটিতেই হেরেছেন মেয়েরা। অধিনায়ক রুমানা আহমেদ অবশ্য প্রস্তুতি ম্যাচে প্রাপ্তি খুঁজে পাচ্ছেন অনেক, ‘একটিতে জিতেছি, আরেকটি খুব ক্লোজ ছিল। প্রতিপক্ষ করেছিল ২১৯ রান, আমরা ২১১। প্রস্তুতি ম্যাচ থেকে আমাদের অনেক প্রাপ্তি। ভালো কিছু ইনিংস এসেছে ব্যাটারদের কাছ থেকে। তারা নিজেদের ভুলত্রুটিগুলো বুঝতে পারছে।’
সিরিজ জয় দূরে থাক, ওয়ানডেতে প্রোটিয়া মেয়েদের সঙ্গে ছয় ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে। তবে এবার দেশের মাটিতে সিরিজ জিততে চান রুমানা, ‘আগাম কিছু বলা কঠিন। অনেক দিন পর সিরিজ খেলতে যাচ্ছি। আমরা গত সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডকে হারিয়ে এসেছি। দেশের মাটিতে কেন দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারব না? সিরিজ জয়ের ব্যাপারে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী।’
কক্সবাজারে সিরিজের প্রথম ওয়ানডে শুরু পরশু।