সিরিজ জিতল অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসবাহ-উল-হক আশায় বুক বেঁধেছিলেন। একটা ভালো ইনিংস, একটা ভালো ম্যাচ খেললেই বদলে যাবে পরিস্থিতি। পাকিস্তানি ব্যাটসম্যানরা আত্মবিশ্বাস খুঁজে পাবেন, ফিরবেন জয়ের ধারায়। কাল দুবাইয়ের টসে জিতে ব্যাট করতে নেমে যখন আহমেদ শেহজাদ আর সরফরাজ আহমেদের উদ্বোধনী জুটি ১২৬ রান তুলে ফেলল, মনে হচ্ছিল মিসবাহর চাওয়া বুঝি পূরণ হতে চলেছে।
হলো না। বিনা উইকেটে ১২৬ থেকে ৩ বল বাকি থাকতেই ২১৫ রানে অলআউট! একমাত্র টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডের মতো কাল দ্বিতীয় ওয়ানডেতেও আরও একবার ব্যর্থ পাকিস্তানি ব্যাটিং। ফলটাও তাই হলো আগের দুটি ম্যাচের মতোই। ৫ উইকেট আর ৪০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। এক ম্যাচ হাতে রেখেই জিতে নিল ওয়ানডে সিরিজটাও। ১৩ রানে ৩ উইকেট নিয়ে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটা জিতিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কাল ৮১ বলে ৭৬ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে আবারও অস্ট্রেলিয়ার জয়ের নায়ক এই অলরাউন্ডার।
৭২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পরেও অস্ট্রেলিয়াকে বিপদে পড়তে দেননি ম্যাক্সওয়েল। যেটা পাকিস্তানের হয়ে মিডল অর্ডারে কোনো ব্যাটসম্যান করতে পারেননি। শেহজাদ (৬১) আর সরফরাজের (৬৫) বিদায়ের পর হঠাৎই যেন দিশেহারা হয়ে পড়েন পাকিস্তানি ব্যাটসম্যানরা। দুই অঙ্কে পৌঁছানোর আগেই আউট ছয় পাকিস্তানি ব্যাটসম্যান। প্রথম ওয়ানডেতে ৩ উইকেট পাওয়া মিচেল জনসন কালও ১০ ওভারে ৪০ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। টেন ক্রিকেট।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৪৯.৩ ওভারে ২১৫ (শেহজাদ ৬১, সরফরাজ ৬৫, আসাদ ২৯, মিসবাহ ১৫, আকমল ৫, ফাওয়াদ ২০*, আফ্রিদি ২, রিয়াজ ২, রাজা ০, বাবর ৬, ইরফান ০; জনসন ৩/৪০, রিচার্ডসন ১/৪৩, ডোহার্টি ১/৪৪, ফকনার ১/২৭, লায়ন ১/৪০, ম্যাক্সওয়েল ০/১৯)।
অস্ট্রেলিয়া: ৪৩.২ ওভারে ২১৭/৫ (ওয়ার্নার ২৯, ফিঞ্চ ১৪, স্মিথ ১২, বেইলি ২৮, ম্যাক্সওয়েল ৭৬, ফকনার ২৬*, হাডিন ১৭*; রাজা ১/৬৮, ইরফান ১/৪২, বাবর ২/৫২, আফ্রিদি ০/৩৬, রিয়াজ ০/৭, শেহজাদ ০/৯)।
ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: গ্লেন ম্যাক্সওয়েল।