সিরিজ জিতল নিউজিল্যান্ড
টেস্ট সিরিজ শেষ হয়েছিল সমতায়। টি-টোয়েন্টি সিরিজও তাই। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজটি চার ম্যাচ শেষে ছিল ২-২। শেষ ম্যাচটা তাই শুধু ওয়ানডে সিরিজ নয়, যেন হয়ে উঠেছে পুরো সিরিজেরই অঘোষিত ফাইনাল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সেই ‘ফাইনাল’ জিতল নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলরের অনবদ্য ফিফটি আর ম্যাট হেনরির ক্যারিয়ার-সেরা বোলিংয়ে ৬৮ রানে পাকিস্তানকে হারিয়ে ৩-২-এ ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড। ক্রিকইনফো।
জয়ের জন্য ২৭৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে আসা পাকিস্তানের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। দলীয় শূন্য রানে জামশেদের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে একপর্যায়ে ১১৭ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। যার তিনটিই নিয়েছেন হেনরি। পরে আরও দুটি উইকেট নিয়ে পাকিস্তানকে ২০৭ রানে গুঁড়িয়ে দিতে বড় ভূমিকা রাখেন কিউই এই পেসার। ৩০ রানে নিয়েছেন পাঁচ উইকেট। এর আগে তাঁর ক্যারিয়ার-সেরা বোলিং ছিল ৪/৩৪ (বিপক্ষ ভারত, ওয়েলিংটন, ২০১৪)। ম্যাচ-সেরা হয়েছেন হেনরিই। আর ৮৬.৫০ গড়ে ৩৪৬ রান নিয়ে সিরিজ-সেরা উইলিয়ামসন। আগের ম্যাচে সেঞ্চুরি করা উইলিয়ামসন কাল করেছেন ৯৭ রান। নিউজিল্যান্ডের ২৭৫/৪ স্কোরে উইলিয়ামসের পরে দ্বিতীয় সর্বোচ্চ ৮৮* করেন রস টেলর।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৭৫/৪ (উইলিয়ামসন ৯৭, টেলর ৮৮*, ব্রাউনলি ৩৪; ইরফান ২/৬২, আফ্রিদি ১/৩৩, বাবর ১/৬১)। পাকিস্তান: ৪৩.৩ ওভারে ২০৭ (সোহেল ৬৫, শেহজাদ ৫৪, সরফরাজ ২৬; হেনরি ৫/৩০, নাথান ম্যাককালাম ২/৫৯, ডেভচিচ ১/২২, মিলনে ১/৩০, ম্যাকলেনাহান ১/৪৫)।
ফল: নিউজিল্যান্ড ৬৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ম্যাট হেনরি।
ম্যান অব দ্য সিরিজ: কেন উইলিয়ামসন।