ম্যাচ শেষে ব্রেন্ডন ম্যাককালামের বক্তব্যেই পাওয়া যাবে ম্যাচটির সারমর্ম। ওয়ানডে সিরিজের ট্রফিটা হাতে নেওয়ার আগে নিউজিল্যান্ড অধিনায়ক বলেছেন, ‘একসময় তো মনে হচ্ছিল পাকিস্তান ৩৪০-৩৫০ করে ফেলবে। আমরা পরের দিকে বেশ ভালো বোলিং করেছি। কেন (উইলিয়ামসন) আর গাপ (মার্টিন গাপটিল) দারুণ ব্যাট করেছে। শেষদিকে কিছুটা ভাগ্যের সহায়তাও পেয়েছি।’
সব মিলিয়ে অকল্যান্ডের ইডেন পার্কে কাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচটা নিউজিল্যান্ড জিতেছে ডাকওয়ার্থ-লুইসে, ৩ উইকেটে। সুবাদে ২-০ ব্যবধানে সিরিজজয়ী তারাই। নেপিয়ারে বৃষ্টিতে ভেসে গিয়েছিল সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
একসময় মনে হচ্ছিল অকল্যান্ডের ইডেন পার্কে ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটা ভেঙে দেবে পাকিস্তান। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪০ রানের সেই রেকর্ডটা নিউজিল্যান্ডেরই। ৩০ ওভারেই পাকিস্তান কাল তুলে ফেলেছিল ৩ উইকেটে ২০৭, সেখান থেকে ১৫ বল বাকি থাকতেই তারা ২৯০ রানে অলআউট। কিউইরা শেষ ৭ উইকেট তুলে নিয়েছে ৭৬ রানে।
তাড়া করতে নেমে ম্যাককালাম আউট হয়েছেন শূন্য রানে। তবে গাপটিল আর উইলিয়ামসনের ১৫৯ রানের জুটিতে বিপর্যয় সামলে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। পরপর দুই ওভারে এই দুজনকে ফিরিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান অধিনায়ক আজহার আলী। গাপটিল ৮২ করেছেন ৮১ বলে, উইলিয়ামসন ৮৬ বলে ৮৪। এরপর হেনরি নিকোলস ও গ্রান্ট এলিয়ট দ্রুত ফিরে গেলে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। তবে কোরি অ্যান্ডারসন ও লুক রনকি পথ হারাতে দেননি দলকে। বৃষ্টি-বাধায় ৪৩ ওভারে পুনর্নির্ধারিত ২৬৩ রানের লক্ষ্য তাঁরা ছুঁয়ে ফেলেন সহজেই। নাটকের উপাদান অবশ্য একটু ছিল। ৩৯তম ওভারে রাহাত আলীর বল অ্যান্ডারসনের ব্যাট ছুঁয়ে গেলেও আম্পায়ার বিলি বাউডেন আউট দেননি। ডিআরএসের কোটাও তখন শেষ হয়ে গিয়েছিল পাকিস্তানের। অ্যান্ডারসন আউট হয়ে গেলে ফলটা অন্য রকম হতে পারত। ভাগ্যের কথাটা এমনিতেই বলেননি ম্যাককালাম! ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৪৭.৩ ওভারে ২৯০ (আজম ৮৩, হাফিজ ৭৬, সরফরাজ ৪১, মালিক ৩২; বোল্ট ২/৬০, হেনরি ২/৪৪, মিলনে ৩/৪৯)। নিউজিল্যান্ড: (লক্ষ্য ৪৩ ওভারে ২৬৩ ) ৪২.৪ ওভারে ২৬৫/৭ (উইলিয়ামসন ৮৪, গাপটিল ৮২, অ্যান্ডারসন ৩৫; আজহার ২/৩৭, আমির ২/৩৯)।
ফল: নিউজিল্যান্ড ৩ উইকেটে জয়ী (ডি/এল)।
ম্যান অব দ্য ম্যাচ: মার্টিন গাপটিল।
সিরিজ: ৩-ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ২-০-তে জয়ী।