সিরিজ জিতল বাংলাদেশ 'এ'

জিম্বাবুয়ে ‘এ’ দলকে দুই ম্যাচের ‘বেসরকারি টেস্টে’ অনায়াসে ধবলধোলাই করেছিল বাংলাদেশ ‘এ’ । তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীদের ‘ধবলধোলাই’ না করা গেলেও শেষ হাসিটা হাসল বাংলাদেশ ‘এ’ই। ফতুল্লায় শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ে ‘এ’ দলকে ৩১ রানে হারিয়েছে মার্শাল আইয়ুবের দল।
২৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ে ‘এ’ দল শুরুতেই টালমাটাল। ৬৮ রানেই ফিরে যান চার টপ অর্ডার ব্যাটসম্যান। এরপর ভুসিমুজি সিবান্দা ও ম্যালকম ওয়ালার কিছুটা চেষ্টা চালান। কিন্তু স্বাগতিক দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সে চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়। মুমিনুল হকের বলে ফেরার আগে ওয়ালারের সংগ্রহ সর্বোচ্চ ৫২। সিবান্দা ৩৭ রান করে ফিরেছেন জুবায়ের হোসেনের বলে।
‘এ’ দলের সংগ্রহ ২৩৯জিম্বাবুয়ের আট উইকেট পড়ে যাওয়ার পর ছোট্ট একটা চমক অপেক্ষা করছিল বাংলাদেশ ‘এ’ দলের জন্য। লুক জঙ্গে ও তাফাদজাওয়া কামুঙ্গোজির অবিচ্ছিন্ন নবম উইকেট জুটিতে আসে ৩৮ বলে ৪৪। এ যেন নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠা! শেষমেশ জিম্বাবুয়ে ‘এ’ দলের সংগ্রহ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২০৮। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন ইলিয়াস সানি ও মুমিনুল হক।
এর আগে টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ ‘এ’ দলের ভালো সংগ্রহ এনে দেন অধিনায়ক মার্শাল ও লিটন দাস। প্রথম দুটো ম্যাচে ব্যর্থতার পর আজ হেসেছে মার্শালের ব্যাট। ৭৮ বলে ৫৭ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন তিনি। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস শেষ হয়েছে ২৩৯ রানে। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচ-সেরা মার্শাল।
উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাসের সংগ্রহ ৪৬। এ ছাড়া মোসাদ্দেক হোসেন ২৫, সৌম্য সরকার ২২ ও ফরহাদ রেজা করেন ৩২ রান। মুমিনুল আজও ছিলেন ব্যর্থ। ব্যর্থতার তালিকায় আজ নাম লিখিয়েছেন নাঈম ইসলাম। এই দুজনের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৬ ও ৯ রান। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে দারুণ বল করেছেন মুজারাবানি। ৩৩ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। এ ছাড়া কামুনগোজি ৩৫ রানে নিয়েছেন দুটো, একটি করে উইকেট নিয়েছেন জোংউই ও ওয়ালার।