সিরিজ জিতল বাংলাদেশ 'এ'
হারারে স্পোর্টস ক্লাবের সিমিং উইকেট। কনকনে ঠান্ডা। সব মিলিয়ে পেস বোলারদের স্বর্গরাজ্য। টস জিতে তাই দ্বিতীয় এক দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে ব্যাটিংয়ের ‘নিমন্ত্রণ’ই জানালেন জিম্বাবুয়ে ‘এ’ দলের অধিনায়ক টিনোটেন্ডা মুতোম্বোদজি। জিম্বাবুইয়ানদের পরিকল্পনা অবশ্য কাজে লাগেনি। বিরুদ্ধ পরিবেশেই দারুণ ব্যাটিং করে ৬ উইকেটে ২৮২ রান তুলে ফেলে বাংলাদেশ ‘এ’। এরপর স্বাগতিকদের ২৪৬ রানে বেঁধে রেখে ৩৬ রানের জয়। প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজও জয়ও নিশ্চিত করল শুভাগত হোমের দল।
বাংলাদেশ ‘এ’ দলের ইনিংসটা দলীয় চেষ্টার ফসল। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ মিঠুন এই ম্যাচেও দলের সর্বোচ্চ স্কোরার। ৯১ বলে ৫ চার ও ২ ছয়ে ৬৬ রান মিঠুনের। ৩৯ বলে ৬ চারে ৫০ রান করে অপরাজিত ছিলেন মোসাদ্দেক হোসেন । ওপেনার সাদমান ইসলাম ৮৮ বলে করেছেন ৪৭ রান। ষষ্ঠ ওভারে রনি তালুকদার আউট হয়ে যাওয়ায় পর মিঠুনের সঙ্গে ১১২ রানের জুটি গড়েন সাদমান। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে ২৩ বলেই দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান যোগ করেন মোসাদ্দেক ও মুক্তার আলী। ১১ বলে ২৯ রান মুক্তারের। অধিনায়ক শুভাগতও তুলেছেন ২১ বলে ৩০।
জিম্বাবুয়ের শুরুটা ভালোই ছিল। ব্রায়ান চারি ও কেভিন কাসুজা উদ্বোধনী জুটিতে ৫০ রান করেন ৯.২ ওভারে। ম্যাচের নিয়ন্ত্রণটা এরপরই ধীরে ধীরে নিজেদের হাতে তুলে নেন বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা। ইনিংস-সর্বোচ্চ ৬৯ রান করেছেন চারি। ১০ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে বাংলাদেশ ‘এ’ দলের সেরা বোলার বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
ম্যাচ শেষে দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার প্রশংসায় মাতলেন ব্যাটসম্যানদের, ‘সবাই ভালো ব্যাট করেছে। মিঠুন আগের ম্যাচের মতোই খেলেছে। সাদমান খুব ভালো ব্যাট করেছে। তবে সবচেয়ে দুর্দান্ত ছিল মোসাদ্দেকের ইনিংসটা।’
আগামীকাল একই মাঠে শেষ এক দিনের ম্যাচ।