সিরিজ জিতে অ্যাশেজ-জ্বালানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ-ব্যর্থতায় নড়েচড়ে বসেছিল ইংল্যান্ড। ক্রিকেট প্রশাসনে তো বটেই, দলেও পরিবর্তন এনে নতুন করে শুরু করতে চেয়েছিল দেশটি। ঐকান্তিক চাওয়া আর সঠিক পদক্ষেপের সমন্বয় ফল দিল দ্রুতই। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেই জন্ম নিল যেন নতুন এক ইংল্যান্ড। প্রতিপক্ষের ৩৪৯ রান যে দল টপকে যায় ৬ ওভার হাতে রেখেই! শেষ ম্যাচে ৪৫ রানে ৫ উইকেট হারিয়েও যারা জেতে ১৯২ রান তাড়া করে! শেষ পর্যন্ত এউইন মরগানের ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজ জিতে নেয় ৩-২ ব্যবধানে।
বদলে যাওয়া ইংল্যান্ডের পক্ষে কথা বলবে সিরিজের আরও কিছু পরিসংখ্যান—
* সিরিজে ইংল্যান্ড করেছে ১৬১৭ রান। যা পাঁচ ওয়ানডের সিরিজে সর্বোচ্চ।
* ইংল্যান্ড ব্যাটসম্যানদের ২০৯ বাউন্ডারি পাঁচ ওয়ানডের সিরিজে সর্বোচ্চ।
* প্রথমবারের মতো টানা ৩ ইনিংসে ৩০০ পেরোনো স্কোর ইংল্যান্ডের।
ইংল্যান্ডের এই কৃতিত্ব দাগ কেটেছে রেকর্ড বইয়েও—
* দুই দল করেছে ৩১৫১ রান, যা পাঁচ ওয়ানডের সিরিজে সর্বোচ্চ।
* দুই দলের ৩৯০টি বাউন্ডারি পাঁচ ওয়ানডের সিরিজে সর্বোচ্চ।
* ওভারপ্রতি রান হয়েছে ৭.১৫ যা দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ বা টুর্নামেন্টে সর্বোচ্চ।
যার নেতৃত্বে গ্রুপ পর্ব খেলেই ২০১৫ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড, সেই এউইন মরগানই এই দলকে নিয়ে এখন উচ্ছ্বসিত। পরশু ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নিউজল্যান্ডকে ৩ উইকেটে হারানোর পর গর্বিত মরগান বললেন, ‘পরাজয়ের মানসিকতা থেকে বেরিয়ে এসে বিনোদনদায়ী ক্রিকেট খেলতে পেরেছি আমরা।’ আগামী মাসেই ঘরের মাঠে অ্যাশেজ ইংল্যান্ডের। সেই সিরিজের আগে ওয়ানডে সিরিজ জয় ইংল্যান্ডের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবেই বলেই মনে করেন মরগান, ‘আশা করছি, অ্যাশেজেও এভাবে খেলতে পারব আমরা।’
সিরিজে পরশুই প্রথম মাঠে নামা জনি বেয়ারস্টো ইংল্যান্ডের অলিখিত ‘ফাইনাল’ জয়ের নায়ক। প্রথম ব্যাট করে মার্টিন গাপটিল (৭৩ বলে ৬৭) এবং কেন উইলিয়ামসনের (৬৫ বলে ৫০) ফিফটিতে ২৮৩ রান করে ইংল্যান্ড। বৃষ্টিতে ইংল্যান্ডের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ২৬ ওভারে ১৯২। একপর্যায়ে ৪৫ রানে ইংল্যান্ড ৫ উইকেট হারিয়ে দিশেহারা ইংল্যান্ডকে জয়ের পথ দেখান বেয়ারস্টো। ৬০ বলে অপরাজিত ৮৩ রান করে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। বিবিসি, এএফপি, রয়টার্স।