সিরিজ জিতে একে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিনই বোঝা গিয়েছিল, নিউজিল্যান্ডের জন্য এ টেস্টে হার এড়ানো বেশ কঠিন। কাল সকালের সেশনে ভারত ২৬৩ রানে অলআউট হয়ে যখন জয়ের জন্য কিউইদের ৩৭৬ রানের লক্ষ্য দিল, টেস্টের ভাগ্য ততক্ষণে লেখা হয়ে গেছে। ইডেনে চতুর্থ ইনিংসে এত রান কোনো দল এর আগে করতে পারেনি। সত্যি বলতে, চতুর্থ ইনিংসে এই মাঠে ১১৭ রানের বেশি তাড়া করেই কোনো দল কখনো জেতেনি!

কিউইরাও পারল না। অশ্বিন-জাদেজা-শামিদের বোলিংয়ে দিন শেষের আগেই গুটিয়ে গেল ১৯৭ রানে। ১৭৮ রানের ভারতের জয়, সেটাও চতুর্থ দিনে। তবে বড় পুরস্কারটা শুধু সিরিজ জয় নয়। তিন ম্যাচের সিরিজটা ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে টপকে ভারত আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠে গেল। সিরিজের শেষ টেস্টটা যদি ভারত না হারে, তাহলে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়েও শীর্ষস্থান আর ফিরে পাবে না পাকিস্তান।

প্রায় অসম্ভব এক লক্ষ্য তাড়া করতে নেমে কিউইদের শুরুটা কিন্তু খারাপ হয়নি। টম ল্যাথাম ও মার্টিন গাপটিলের ৫৫ রানের ওপেনিং জুটিটা ভেঙেছেন অশ্বিন, গাপটিলকে ফিরিয়ে। তখন বোঝা যায়নি ওটাই কিউইদের ইনিংসের একমাত্র ৫০ রানের জুটি হতে যাচ্ছে। দ্বিতীয় উইকেটে ল্যাথাম ও হেনরি নিকোলস ৪৯ রানের জুটি গড়লেও আর কোনো জুটিই টেকেনি বেশিক্ষণ। ১৪৮ বলে ৭৪ রান করে ল্যাথাম আউট হওয়ার পর মিডল অর্ডারে লুক রনকি একাই কিছুক্ষণ লড়লেন। কিন্তু সেটি ম্যাচটাকে পঞ্চম দিনে টেনে নেওয়ার মতো নয়।

ভারত বড় লিড পেয়েছে আসলে উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার সৌজন্যে। প্রথম ইনিংসে অপরাজিত ছিলেন ৫৪ রানে, দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ৫৮ রানে। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ছাড়াও একই টেস্টের দুই ইনিংসেই ফিফটি করা ভারতীয় উইকেটকিপারদের অভিজাত তালিকায়ও নাম তুলেছেন ঋদ্ধিমান। তাঁর আগে এই কীর্তি আছে দিলওয়ার হোসেন, ফারুক ইঞ্জিনিয়ার ও মহেন্দ্র সিং ধোনির। ধোনি অবশ্য একাই করেছেন চারবার!

এ নিয়ে ঘরের মাঠে সর্বশেষ ১২ টেস্টের ১১টিতেই জয় পেল ভারত, ড্র হয়েছে বাকি টেস্টটি। ইন্দোরে শনিবার থেকে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। তবে বাঁ হাতের বুড়ো আঙুলের চোট শিখর ধাওয়ানকে খেলতে দেবে না সেই টেস্টে। তথ্যসূত্র: ক্রিকইনফো।