সিরিজ জিতে দেশে ফিরতে চান তাসকিন
কাইল ভেরেইনা, এইডেন মার্করামকে প্রথম স্পেলেই আউট। এরপর মাঝের ওভারে রানের গতি বাড়তে দেননি ক্রমাগত ডট বলে। শেষ স্পেলে এক ওভারের জন্য যখন বোলিংয়ে এলেন, তখনো আশা বেঁচেছিল দক্ষিণ আফ্রিকার। প্রথম বলেই বিদায় করেন ভয়ঙ্কর হয়ে ওঠা রাসি ফন ডার ডুসেনকে।
দক্ষিণ আফ্রিকার তিন টপ অর্ডার ব্যাটসম্যানের উইকেট ও ৪০টি ডট বল—তাসকিন আহমেদকে গতকালের ঐতিহাসিক জয়ের নায়ক বললে ভুল হবে না। নিজের ১০ ওভারে মাত্র ৩৬ রান দেওয়া তাসকিন অবশ্য নিজের পারফরম্যান্সকে খুব বড় করে দেখছেন না।
নিজেকে বিশ্বসেরা বোলারদের কাতারে নিয়ে যেতে যে অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি!
আজ দক্ষিণ আফ্রিকা সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের এক ভিডিও বার্তায় তাসকিন বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ, গতকাল ম্যাচ জেতানোর পেছনে আমার অবদান ছিল। প্রতিটি ম্যাচের আগে একই প্রক্রিয়ায় শুরু করি। এরপর পরিস্থিতি অনুযায়ী হয়তো পরিকল্পনা অনেক সময় বদলাতে হয়। কিন্তু আমার স্বপ্ন আমি বিশ্ব মানের বোলার হব।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের এ জয় বাংলাদেশকে বড় স্বপ্ন দেখাচ্ছে। সিরিজের শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই প্রথমবারের মতো প্রোটিয়াদের আঙিনায় সিরিজ জিতবে বাংলাদেশ। তাসকিনের লক্ষ্য এখন সেটাই, ‘দেশের জয়ে বেশি বেশি অবদান রাখতে চাই। সবাই দোয়া করবেন, যেন আমরা সুস্থ থাকি। যেন আরও বেশি জয় উপহার দিতে পারি। সিরিজ জয় করে যেন দেশে ফিরতে পারি।’
শুধু তাসকিন নন, বাংলাদেশ দলের পুরো ফাস্ট বোলিং বিভাগই আছে দারুণ ছন্দে। গতকাল তাসকিনের সঙ্গে নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেন শরীফুল ইসলাম। ডেথ ওভারে বরাবরের মতোই আস্থার প্রতিক মোস্তাফিজুর রহমান।
অধিনায়ক তামিম ইকবালও তাই গতকাল ম্যাচ শেষে নিজ দলের পেসারদের প্রশংসায় বলছিলেন, ‘ফাস্ট বোলাররা খুব ভালো করছে, আমাদের ম্যাচ জেতাচ্ছে—এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। সাধারণত কেউ যখন বাংলাদেশের নাম নেয়, সবাই চিন্তা করে স্পিন বোলিংয়ের কথা। তবে দুই বছর ধরে আমাদের ফাস্ট বোলাররা খুব ভালো বোলিং করছে। তারা সবাই তরুণ, সামনে লম্বা ক্যারিয়ার পড়ে আছে। আমি নিশ্চিত, তারা আমাদের শক্তি বাড়িয়েই চলবে।’