৩০ ওভার শেষে যে দলের রান ৩ উইকেটে ১৩৮, ৩৫ ওভার পর তারাই ৬ উইকেটে ১৫৪। ব্যাটিং পাওয়ার প্লের ওই ৫ ওভারে শ্রীলঙ্কা রান তুলল মাত্র ১৬, উইকেট হারাল ৩টি। বড় রানের আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল তখনই। তার পরও যে স্কোরবোর্ডে ২৪২ রান জমা হলো সেটার কৃতিত্ব মাহেলা জয়াবর্ধনের। ১২৪ বলে ১১৮ রানের ঝলমলে ইনিংস খেলার পথে জয়াবর্ধনে ওয়ানডে ক্রিকেটে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে পেরিয়েছেন ১২ হাজার রানের মাইলফলকও। কিন্তু তাঁর এই দারুণ সেঞ্চুরিটাও হার বাঁচাতে পারল না শ্রীলঙ্কার। শিখর ধাওয়ান আর অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে ভর করে ৩৫ বল আর ৬ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় সিরিজ জয়টাও নিশ্চিত হয়ে যায় ভারতীয়দের।
ব্যাটিং পাওয়ার প্লে-তে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে বড় ধাক্কাটা দিয়েছেন অক্ষর প্যাটেল। এর আগে-পরে মিলিয়ে ৪ উইকেট নিয়েছেন উমেশ যাদব। জবাবে আজিঙ্কা রাহানে আর ধাওয়ানের উদ্বোধনী জুটি ৬২ রান তুলে ভিত গড়ে দেন ভারতকে। নুয়ান কুলাসেকারার বলে কুমার সাঙ্গাকারার হাতে ক্যাচ দেওয়ার আগে ধাওয়ান করেছেন ৭৯ বলে ৯১। ভারতীয়দের মধ্যে দ্রুততম সময়ে পেরিয়ে গেছেন ওয়ানডেতে ২ হাজার রানের মাইলফলক। ওয়ানডের ইতিহাসে দ্রুততম সময়ে ৬ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন কোহলিও। ৬১ বলে ৫৩ রান করে ভারত অধিনায়ক যখন আউট হয়ে যান, তাঁর দলের জয়টা তখন শুধু সময়ের ব্যাপার। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৪৮.২ ওভারে ২৪২ (কুশল ৪, দিলশান ৫৩, সাঙ্গাকারা ০, জয়াবর্ধনে ১১৮, ম্যাথুস ১০, প্রিয়াঞ্জন ২, সিলভা ২, থিসারা ১, প্রসন্ন ২৯, কুলাসেকারা ৭, গামাগে ০*; যাদব ৪/৫৩, কুলকার্নি ১/৫৮, শর্মা ০/১৪, প্যাটেল ৩/৪০, অশ্বিন ১/৪৩, রায়না ০/১৫, রায়ডু ১/১৬)।
ভারত: ৪৪.১ ওভারে ২৪৫/৪ (রাহানে ৩১, ধাওয়ান ৯১, রাইডু ৩৫, কোহলি ৫৩, রায়না ১৮*, সাহা ৬*; কুলাসেকারা ১/৩৭, গামাগে ০/৫০, প্রসন্ন ০/৪৩, থিসারা ১/৩৩, সিলভা ০/৪৫, ম্যাথুস ০/১৭, দিলশান ১/১০, প্রিয়াঞ্জন ০/৮)।
ফল: ভারত ৬ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: মাহেলা জয়াবর্ধনে।
ওয়ানডেতে ১২ হাজার রান
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
শচীন টেন্ডুলকার ৪৬৩ ৪৫২ ১৮৪২৬ ২০০* ৪৪.৮৩ ৪৯/৯৬
রিকি পন্টিং ৩৭৫ ৩৬৫ ১৩৭০৪ ১৬৪ ৪২.০৩ ৩০/৮২
সনাৎ জয়াসুরিয়া ৪৪৫ ৪৩৩ ১৩৪৩০ ১৮৯ ৩২.৩৬ ২৮/৬৮
কুমার সাঙ্গাকারা ৩৮৩ ৩৬০ ১২৯১৮ ১৬৯ ৩৯.৯৯ ১৯/৮৭
মাহেলা জয়াবর্ধনে ৪২৬ ৩৯৯ ১২০০২ ১৪৪ ৩৩.২৪ ১৭/৭৪