সিরিজ জেতালেন স্পিনাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এ’ দলের জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিলেন মার্শাল আইয়ুব l প্রথম আলো
‘এ’ দলের জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিলেন মার্শাল আইয়ুব l প্রথম আলো

এক দিনের সিরিজের ‘এ’ দলে তাঁকে নেওয়া হয়েছিল একেবারে শেষ মুহূর্তে। সিরিজ নির্ধারণী ম্যাচে সেই মুমিনুল হকই দলের জয়ের অন্যতম নায়ক। তবে ব্যাট হাতে নয়, বল হাতে! আগের দুই ম্যাচে নিয়েছিলেন ৩ উইকেট। কাল আরও ৩টি। আর বাঁহাতি স্পিনই যাঁর মূল কাজ, সেই ইলিয়াস সানিও নিয়েছেন ৩ উইকেট। ২৩৯ রানের স্কোরেও তাই এসেছে অনায়াস জয়। তৃতীয় ম্যাচে ৩১ রানের জয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। জিম্বাবুয়ে ‘এ’ দলের সবগুলো উইকেটই নিয়েছেন স্পিনাররা। তবে ৫৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংসটির জন্য ম্যাচসেরা অধিনায়ক মার্শাল আইয়ুব।
তিনে নামা মার্শাল উইকেটে আসার আগেই দলকে ৫০ রানের সূচনা এনে দেন লিটন দাস (৪১ বলে ৪৬) ও সৌম্য সরকার (২২)। পরে বড় ইনিংস খেলতে পারেননি কেউ, তবে ফরহাদ রেজা (৩১ বলে ৩২), মোসাদ্দেক হোসেনদের (২৫) ব্যাটে আড়াই শর কাছাকাছি তুলতে পারে বাংলাদেশ ‘এ।’ মুমিনুল-সানির স্পিনে রান তাড়ায় কখনোই খুব ভালো অবস্থায় ছিল না জিম্বাবুয়ে। লোয়ার মিডল ও লোয়ার অর্ডারে ওয়ালার-জঙ্গে-মাসাকাদজরা রান পেলেও হুমকি হয়ে উঠতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’: ৫০ ওভারে ২৩৯ (সৌম্য ২২, লিটন ৪৬, মার্শাল ৫৭, মুমিনুল ৬, নাঈম ৯, মোসাদ্দেক ২৫, ফরহাদ ৩২, নুরুল ১৯, সানি ৫, শহীদ ৪, জুবায়ের ৩; কামনগোজি ২/৩৫, মুসোকো ০/২৪, জঙ্গে ১/৩৬, মুজারাবানি ৪/৩৩, মাসাকাদজা ০/৪১, ওয়ালার ১/৪৩, মুতম্বোদজি ০/২১); জিম্বাবুয়ে ‘এ’: ৫০ ওভারে ২০৮/৮ (চারি ২৮, চাকাভা ৮, মুতম্বোদজি ০, সিবান্দা ৩৭, মারুমা ৪, ওয়ালার ৫২, মাসাকাদজা ১৫, জঙ্গে ৩৫, মুজারাবানি ৯, কামুনগোজি ১৭*; ফরহাদ ০/৩৭, শহীদ ০/২৩, সানি ৩/৫৩, মুমিনুল ৩/৩৬, মোসাদ্দেক ১/১৩, জুবায়ের ১/৪৩)। ফল: বাংলাদেশ ‘এ’ ৩১ রানে জয়ী (সিরিজ ২-১-এ জয়ী)। ম্যান অব দ্য ম্যাচ: মার্শাল আইয়ুব।