সিরিজ জয় কিউইদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই দুজনের ব্যাটে ভর করেই কাল রানের পাহাড়ে চড়েছে নিউজিল্যান্ড। জুটিতে মাত্র ৭৯ রান এলেও কেন উইলিয়ামসন (বাঁয়ে) ও রস টেলর দুজনেই পেয়েছেন সেঞ্চুরি l ক্রিকইনফো
এই দুজনের ব্যাটে ভর করেই কাল রানের পাহাড়ে চড়েছে নিউজিল্যান্ড। জুটিতে মাত্র ৭৯ রান এলেও কেন উইলিয়ামসন (বাঁয়ে) ও রস টেলর দুজনেই পেয়েছেন সেঞ্চুরি l ক্রিকইনফো

আঙিনায় বিশ্বকাপ। তার আগে কী দারুণভাবেই না প্রস্তুতিটা সারল নিউজিল্যান্ড। কাল নেপিয়ারে বিশ্বকাপের আগে খেলা শেষ ওয়ানডেতে কেন উইলিয়ামসন ও রস টেলরের সেঞ্চুরিতে ৩৬৯ রানের পাহাড়ে ওঠে নিউজিল্যান্ড। এরপর পাকিস্তানকে ২৫০ রানে অলআউট করে ১১৯ রানের জয়। দুই ম্যাচের সিরিজটা পাকিস্তান হারল ২-০ ব্যবধানে। আর সর্বশেষ তিনটি ওয়ানডে সিরিজই জিতে নিউজিল্যান্ড বুঝিয়ে দিল, ঘরের মাঠে বিশ্বকাপে কেন তারা অন্যতম ফেবারিট।
ম্যাচের পর অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের কণ্ঠেও সেই প্রত্যয়, ‘আমরা এখন যেখানে আছি, তা নিয়ে আমি সন্তুষ্ট। শেষের দিকে এসে আমরা নিখুঁত কিছু ম্যাচ খেলেছি। এখন আমাদের চ্যালেঞ্জ হলো বিশ্বকাপেও ধারাবাহিকতাটা ধরে রাখা। প্রস্তুতিটা আদর্শই ছিল তাই (বিশ্বকাপের) বড় মঞ্চে কোনো অজুহাত দেখানোর সুযোগ নেই।’
নিজেদের ওয়ানডে ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ ইনিংসে সবচেয়ে বড় অবদান ফর্মে থাকা উইলিয়ামসনের। ৮৮ বলে ১৪ চার ও ১ ছয়ে ১১২ রান এই কিউই ব্যাটসম্যানের। সর্বশেষ ১৬ ইনিংসে ১১১৪ রান, বোঝাই যাচ্ছে কী দারুণ ফর্মে আছেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের ইনিংসের শেষ দুই বলে বিলাওয়াল ভাট্টিকে ছয় ও চার মেরে সেঞ্চুরি ছোঁয়া টেলর অপরাজিত ছিলেন ৭০ বলে ১০২ রান করে। ৪৯ বলে প্রথম ফিফটিটা করেছিলেন টেলর, পরের ফিফটি এসেছে মাত্র ২১ বলে! নিউজিল্যান্ড শেষ ১০ ওভারে করেছে ১১৬ রান। ঝড়টা বেশি গেছে ভাট্টির ওপর দিয়ে, ১০ ওভারে ৯৩ রান দিয়েছেন এই পাকিস্তানি পেসার। ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডটা এখন ওয়াহাব রিয়াজের সঙ্গে যৌথভাবে তাঁরও।
উদ্বোধনী জুটিতে ২০.৩ ওভারে ১১১ রান, তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। তবে ৫৫ রান করে শেহজাদের বিদায়ের পরই ভেঙে পড়ে প্রতিরোধ। হাফিজ ৮৬ রান করলেও পাকিস্তান অলআউট ২৫০ রানে। রয়টার্স, ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩৬৯/৫ (গাপটিল ৭৬, ব্রেন্ডন ম্যাককালাম ৩১, উইলিয়ামসন ১১২, টেলর ১০২*, এলিয়ট ২৮, রনকি ০, নাথান ম্যাককালাম ৯*; ইরফান ২/৫২, ভাট্টি ০/৯৩, আফ্রিদি ১/৫৭, আদিল ১/৬৮, সোহেল ০/৪৭, ইউনিস ০/১৭, শেহজাদ ১/২৯)।

পাকিস্তান: ৪৩.১ ওভারে ২৫০ (হাফিজ ৮৬, শেহজাদ ৫৫, ইউনিস ১১, মিসবাহ ৪৫, আফ্রিদি ১১, আকমল ৪, সোহেল ৬, সরফরাজ ১৩, ভাট্টি ৯, আদিল ১, ইরফান ০*; সাউদি ২/৫২, বোল্ট ১/৩৫, ভেট্টোরি ১/৪১, মিলনে ২/৫২, নাথান ২/৩৩, এলিয়ট ২/৩৫)।
ফল: নিউজিল্যান্ড ১১৯ রানে জয়ী।
সিরিজ: ২ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ২-০তে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কেন উইলিয়ামসন।