সিরিজ জয়ে উদ্যাপিত শততম জয়
>বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৯/৮
আফগানিস্তান: ৩৩.৫ ওভারে ১৩৮
ফল: বাংলাদেশ ১৪১ রানে জয়ী

উত্তেজনা যা ছড়ালেন গোলাপি শার্ট পরা ওই দর্শক। আফগানিস্তান ইনিংসের ২৯তম ওভার, বল করছিলেন মাশরাফি বিন মুর্তজা। হঠাৎই গ্র্যান্ডস্ট্যান্ড থেকে দৌড়ে উইকেট পর্যন্ত ছুটে গেলেন এক তরুণ। পেছন পেছন ছুটলেন যাঁদের চোখ ফাঁকি দিয়ে তিনি মাঠে ঢুকে গেছেন, সেই নিরাপত্তাকর্মীদের একটা দল। তাঁরা পরে ওই তরুণকে টেনেহিঁচড়ে মাঠের বাইরে নিয়ে এলেও তাঁর উদ্দেশ্য সফল বলেই মনে হলো। ধরা পড়ার আগেই যে আলিঙ্গনে বাঁধলেন মাশরাফিকে!
প্রথম দুই ওয়ানডের পর সিরিজে ১-১ সমতা। শেষ ম্যাচটা রূপ নেয় ‘ফাইনালে’। কিন্তু মাশরাফি-ভক্তের ওই কাণ্ডটুকু ছাড়া মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল উত্তেজনা বলতে কিছুই ছিল না। প্রথম ওয়ানডেতে জয়ের কাছাকাছি চলে যাওয়া এবং দ্বিতীয় ম্যাচে জিতেই যাওয়া আফগানরা কাল প্রতিটি পদক্ষেপে বুঝতে পারল, বাংলাদেশ থেকে আসলে কতটা দূরে তাদের অবস্থান। ১৪১ রানের বিশাল জয় নিয়ে শুধু সিরিজই জেতেনি বাংলাদেশ, শততম ওয়ানডে জয়ের রঙেও রাঙাল রাতটাকে।
সিরিজ এবং শততম ওয়ানডে জয়ের সঙ্গে আরও কিছু প্রাপ্তি আছে এই ম্যাচে। অবশেষে সিরিজে বাংলাদেশের কেউ সেঞ্চুরি তো পেলেন! সেটা তামিম ইকবাল হওয়াতেই বেশি স্বস্তি। ৩৩টি ফিফটির পাশে মাত্র ছয়টি সেঞ্চুরি তামিমের নামের প্রতি সুবিচার নয়। কাল নিজের সপ্তম সেঞ্চুরি করে ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হওয়ার পরও দূর হয়নি সেই অতৃপ্তি। যাঁর ৬০-৭০ রানের ইনিংসগুলোও হয় রাজসিক, তাঁর পঞ্চাশোর্ধ্ব প্রতিটি ইনিংসই যে তিন অঙ্কে যাওয়ার দাবি রাখে!
যায়নি, কারণ তামিম নিজেই নিজেকে বঞ্চিত করেছেন ইনিংসের পর ইনিংস। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮০ রানে আউট হয়ে যাওয়ার পর তো প্রশ্নই উঠে গেল—মিস্টার ফিফটি হয়ে পড়ছেন না তো তামিম!
জবাবটা পরের ম্যাচে দিতে না পারলেও কাল সেঞ্চুরি করে যে রকম আনন্দে ভাসলেন, হাত উঁচিয়ে ব্যাট ঝাঁকালেন—বোঝাই যাচ্ছিল এই সেঞ্চুরি তাঁর জন্যও কতটা কাঙ্ক্ষিত ছিল। সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গত বছরের এপ্রিলে, পাকিস্তানের বিপক্ষে। এরপর ১২ ওয়ানডেতে পাঁচটি ফিফটি করেই সন্তুষ্ট থেকেছেন। সেঞ্চুরির দেখা পাননি। বাংলাদেশের শততম ওয়ানডে জয়ে অলংকার হয়ে থাকল সেই বন্ধ্যাত্ব ঘোচানো শতক।
সিরিজের শেষ ম্যাচেও নিজেকে ফিরে না পাওয়া সৌম্য সরকার আউট ১১ রান করে। কিন্তু ব্যক্তিগত ১ রানে জীবন ফিরে পাওয়া তামিম ধীরে ধীরে এতটাই আগ্রাসী হয়ে উঠলেন যে, ৩৯তম ওভার পর্যন্ত প্রায় একাই রাজত্ব করে গেলেন। সৌম্য আউট হয়েছেন ইনিংসের ষষ্ঠ ওভারে। অষ্টম ওভারেই মিরওয়াইস আশরাফকে তিন বাউন্ডারি তামিমের। সাব্বিরকে সঙ্গী করে ফিফটি পেয়েছেন ৬৩ বলে। পরের পঞ্চাশ করলেন ৪৭ বলে, নামের পাশে তখন দশটি বাউন্ডারি।
সেঞ্চুরির পরের ওভারেই চড়াও হন লেগ স্পিনার রহমত শাহর ওপর। প্রথম বলে মিড উইকেট দিয়ে বাউন্ডারি, পরের দুই বলে দুই ছক্কা। চেনা ছন্দে ডাউন দ্য উইকেটে এসে প্রথমটা মারলেন মিড উইকেটের ওপর দিয়ে, পরেরটা এক্সট্রা কাভারের ওপর দিয়ে চলে গেল গ্যালারির কাছাকাছি। পরের ওভারে মোহাম্মদ নবীকেও চেষ্টা করলেন মাঠের বাইরে নিতে। কিন্তু এবার ক্যাচ উঠে গেল লং অফে। তবে কালকের ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ—দুটো পুরস্কারই নেওয়ার জন্য ওটুকুই যথেষ্ট ছিল।
দ্বিতীয় উইকেটে ১৪০ রানের জুটিতে তামিমকে যোগ্য সংগত দিয়েছেন সাব্বির রহমান। নিজের ২ রানের সময় দওলত জাদরানের বলে উইকেটের পেছনে ক্যাচের মতো দিয়ে বেঁচে তো গেলেনই, বলটা দৌড়ে চলে গেল বাউন্ডারিরই বাইরে। সৌভাগ্য উদ্যাপন করতেই কিনা পরের বলেই ছক্কা। নবীকে বাউন্ডারি মেরে ওয়ানডেতে তৃতীয় ফিফটি তুলে নেওয়া সাব্বির থেমেছেন ৬৫ রানে।
আফগানরা যাঁকে থামাতে পারেননি, তিনি মাহমুদউল্লাহ। এবং তিনি থামেননি বলেই হয়তো শেষ ১০ ওভারে এলোমেলো হয়ে যায়নি বাংলাদেশের ইনিংস। ৪০ ওভার শেষে স্কোর ছিল ২১৫/৩। সেখান থেকে শেষ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে মাত্র ৬৪, এর ৪০-ই আবার এসেছে শেষ ৫ ওভারে। কৃতিত্বটা মাহমুদউল্লাহর। ৪৩তম ওভারে উইকেটে এসে অপরাজিত ২২ বলে ৩২ রানে, যার অর্ধেকই বাউন্ডারি থেকে আসা। এসবের বাইরে বাংলাদেশ ইনিংসের আর একটাই উল্লেখযোগ্য দিক—আফগানদের ফিল্ডিংটা হয়েছে খুবই বাজে।
আফগানিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশকে জবাব দেওয়ার মতো ইনিংস খেলতে সবাই-ই ব্যর্থ। রহমত শাহর ৩৬-ই দলের পক্ষে সর্বোচ্চ। অবশ্য শেষ দিকে নজিবউল্লাহ জাদরানের ছক্কাবৃষ্টি আফগানদের ক্ষতে কিছুটা প্রলেপ দিয়ে থাকবে। চার ছক্কার দুটিই সাকিবের এক ওভারে। অন্য দুটি মোশাররফ হোসেন আর শফিউলের বলে।
নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলটা করতে গিয়ে মাশরাফির হোঁচট খেয়ে পড়াটাই আফগানিস্তান ইনিংসে কিছুটা দুশ্চিন্তা ছড়িয়েছিল বাংলাদেশ শিবিরে। সুখবর হলো, মাশরাফি এরপরও বল করেছেন ৬ ওভার। ১৫ রানে একটি উইকেটও নিয়েছেন। আসলে এই ইনিংসেও খেলেছে বাংলাদেশই। বোলারদের মধ্যে যেন উইকেট নেওয়ার প্রতিযোগিতা! তাতে জয়ী প্রায় সাড়ে আট বছর পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামা মোশাররফ। ৮ ওভারে ২৪ রানে ৩ উইকেট-প্রত্যাবর্তন ম্যাচে এর চেয়ে বেশি কিছু বোধ হয় এই বাঁহাতি স্পিনার নিজেও আশা করেননি।
সিরিজটা ২-১-এ জেতার আশাও বাংলাদেশ করেনি, লক্ষ্য তো ছিল ৩-০-এর! অবশ্য ১০ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফেরার বিষয়টা মাথায় রাখলে এই জয়ও কম নয়। একটা ম্যাচ হারলেও সিরিজ জয়ের ম্যাচে তো আফগানদের সঙ্গে ব্যবধানটা স্পষ্ট করা গেছে! র্যাডিসন হোটেলে বসে টেলিভিশনে ম্যাচ দেখা ইংল্যান্ডের খেলোয়াড়েরা নিশ্চয়ই বাংলাদেশের এই ফিরে আসাকে একটা বার্তা হিসেবেই নিচ্ছেন।