প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখে গল টেস্ট জয়। তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতেই শ্রীলঙ্কার মাটিতে নয় বছরের টেস্ট জয়ের খরা কাটিয়েছে পাকিস্তান। এবার কি নয় বছরের সিরিজ জয়ের খরাও কাটবে?
আজ শুরু দ্বিতীয় টেস্টের ভেন্যু পি সারা ওভাল আশা জাগাচ্ছে পাকিস্তানকে। দেশের মাটিতে শ্রীলঙ্কার সবচেয়ে অপছন্দের ভেন্যু সম্ভবত কলম্বোর এই মাঠ। পি সারায় খেলা সর্বশেষ তিন টেস্টেই ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হেরেছে স্বাগতিকেরা। শ্রীলঙ্কার চিরাচরিত স্পিনিং উইকেটের চেয়ে একটু ভিন্নই পি সারার উইকেট। এই পিচে বাউন্স বেশি, সাহায্য পান সিমাররা। আর শ্রীলঙ্কা পিছিয়ে এখানেই। গল টেস্টের জয়ের নায়ক ইয়াসির শাহ হয়তো অতটা কার্যকর হবেন না। তবে পি সারার উইকেট দেখে পাকিস্তানি ফাস্ট বোলারদের চোখ চকচক করবেই।
একটি তথ্যকে অবশ্য অনুপ্রেরণা হিসেবেই নেবে স্বাগতিক দল। পি সারায় সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান ৭ উইকেটে হেরেছিল শ্রীলঙ্কার কাছে। তবে গলে ৯৬ রানে ৫ উইকেট হারানো, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বড় লিড নেওয়া। এরপর ইয়াসির শাহর ঘূর্ণিজাদুতে লঙ্কানদের বেসামাল করে বড় জয়—আত্মবিশ্বাসী পাকিস্তান নতুন করেই লিখতে চাইবে ইতিহাস।
গলে শ্রীলঙ্কার স্পিনারদের যেভাবে সামলেছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা, সেটিও আত্মবিশ্বাসী করেছে অধিনায়ক মিসবাহ-উল-হককে। নিকট অতীতে পাকিস্তানকে ছিঁড়ে খুঁড়ে ফেলা রঙ্গনা হেরাথকে গলে চেনাই যায়নি। গত বছর পাকিস্তানের বিপক্ষেই দুই টেস্টের সিরিজে ২৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে সিরিজ জিতিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার।
এবার সিরিজ শুরুর আগে পাকিস্তান অধিনায়ক বলেছিলেন হেরাথকে সামলানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তাঁর ব্যাটসম্যানদের। সেই কাজে এ প্লাসই পেয়েছেন সরফরাজ-শফিকরা। গলে মাত্র ১ উইকেট হেরাথের নামের পাশে। তবে এখনো সতর্ক মিসবাহ, ‘হেরাথকে আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারা বেশ গুরুত্বপূর্ণ। এটা খুব ভালো ইঙ্গিত। কারণ সে খুব ভালো বোলার। সিরিজ জিততে হলে তাঁর বিপক্ষে সতর্ক থাকতেই হবে। কারণ যেকোনো কিছুই করতে পারে সে।’
সিরিজ জয়ের আরেকটি অনুপ্রেরণাও খুঁজে নিয়েছেন মিসবাহ। কলম্বো টেস্টটা ইউনিস খানের শততম টেস্ট। শততম ম্যাচে সতীর্থকে জয় উপহার দিতে চান মিসবাহ, ‘আমরা সবাই আশা করছি অনেক অনেক রান করে সে শততম টেস্টটাকে স্মরণীয় করে রাখবে। আমরা চাই ম্যাচটা জিতে তাকে সম্মান জানাতে।’
গল টেস্টে পাকিস্তানি স্পিনাররা নিয়েছেন ১৩ উইকেট। লঙ্কান স্পিনারদের শিকার মাত্র ৫। তবে কলম্বোয় মোহাম্মদ হাফিজের বোলিং সম্ভবত পাচ্ছে না পাকিস্তান। গল টেস্টের পর দ্বিতীয়বারের মতো অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন হাফিজ। যদিও আবারও পরীক্ষা দেওয়ার আগে বোলিংয়ে বাধা নেই এই স্পিনারের।
সিরিজের তৃতীয় টেস্ট শুরু ৩ জুলাই, পাল্লেকেলেতে। এরপর পাঁচ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। এএফপি, ক্রিকইনফো।