সিরিজ জয়েই তৃপ্ত মাশরাফিরা
২-০-এর পর ৩-০-এর স্বপ্ন কেন দেখবেন না? ১৬ কোটি জনতার চোখে সেই স্বপ্নই ছিল। বাংলাদেশ আরও একটা ম্যাচে হারিয়ে দেবে ক্রিকেট পরাশক্তি ভারতকে। সিরিজ জয়ের পতাকায় লাগবে ‘বাংলাওয়াশ’-এর রং।
কিন্তু সব স্বপ্ন কি আর পূরণ হয়? ভারতকে বাংলাওয়াশের স্বপ্নও থেকে গেল অধরা। সিরিজ জয়ের আনন্দে মিশে থাকল একটু অতৃপ্তি। কিছু ভুল করার আক্ষেপ। মাশরাফি বিন মুর্তজার চোখে অবশ্য এগুলো পাচ্ছে ‘পরাজয়েও প্রাপ্তি’র মর্যাদা। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজ শেষের সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘জেতার মধ্যে থাকলে অনেক সময় ভুল-ত্রুটিগুলো চোখে পড়ে না। হারলে সেগুলো সামনে আসে। আমরা এগুলো নিয়ে কাজ করব, যেন সামনের সিরিজগুলোতে ভুলগুলো সংশোধন করা যায়।’
মাশরাফি স্বীকার করেছেন, প্রথম দুই ওয়ানডে জেতার পর দেশব্যাপী বাংলাওয়াশের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেটা খেলোয়াড়দের একধরনের মানসিক চাপে ফেলেছে। শেষ ম্যাচে সেই চাপটাই সামলে ওঠা যায়নি, ‘আমরা এক-দুই ম্যাচে জিতলেই বাংলাওয়াশের রব উঠে যায়। ওই চাপটাই মনে হয় আমরা নিতে পারিনি। খেলায় আরেকটু মনোযোগ দেওয়ার দরকার ছিল। এসব থেকেই আমাদের শিখতে হবে।’ ব্যাটিংয়ের শুরুটা যেভাবে হয়েছিল, মাশরাফির বিশ্বাস, উইকেটে টিকে থাকলে ৩১৭ রান তাড়া করেও জেতা সম্ভব ছিল, ‘দুটো উইকেট বেশি পড়লেও ৩৫ ওভার পর্যন্ত রানের দিক দিয়ে আমরাই এগিয়ে ছিলাম। উইকেট খুব ভালো ছিল। হাতে ব্যাটসম্যান থাকলে আমার মনে হয় সমস্যা হতো না।’
৩-০-এর চাপের সঙ্গে কাল আরেকটা ব্যাপারও বাংলাদেশ দলের বিপক্ষে গেছে—আবহাওয়ার পূর্বাভাস। সিরিজের প্রথম দুই ম্যাচেই বৃষ্টির উৎপাত ছিল। কালকের পূর্বাভাসেও বলা হচ্ছিল, বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে। টসে জিতে আগে ফিল্ডিং নেওয়ার ওটাই নাকি কারণ। পরে তো আর বৃষ্টি এলই না! গোলমাল হয়ে গেল বাংলাদেশ দলের পরিকল্পনায়ও। ‘শুধু বৃষ্টির কথা চিন্তা করেই ওই সিদ্ধান্তটা নেওয়া। একান্ন পার্সেন্ট সম্ভাবনা ছিল বৃষ্টির। ডি/এল মেথডে যেহেতু পরে ব্যাট করলে সুবিধা পাওয়া যায়, সে কারণেই আগে ফিল্ডিং করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টি হলো না’—অধিনায়কের আক্ষেপ।
তবে এই আক্ষেপ শুধু কালকের ম্যাচটা নিয়েই। নইলে ভারতকে ২-১-এ হারিয়েও দারুণ খুশি মাশরাফি, ‘২-০তে এগিয়ে থাকার পর কেউই ২-১-এ সিরিজ জিততে চায় না। তবে এটাও ঠিক, সিরিজের শুরুতে আমরা ২-১-এ জিতব সেটাও ভাবিনি। সবাই ভেবেছে, হয়তো একটা ম্যাচ জিততে পারি।’ এই সিরিজটাকে তাই নিজের অধিনায়কত্বের সেরা অর্জনই মানছেন মাশরাফি। বলছেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা অর্জনও। ম্যাচ শেষে একই কথা বলেছেন ওপেনার তামিম ইকবালও, ‘সিরিজ নিয়ে একটা কথাই বলা যায়, এটা আমাদের ক্রিকেটের সেরা অর্জনগুলোর মধ্যে একটা।’
শেষ ম্যাচের না পাওয়ার বেদনাটুকু বাদ দিলে ভারত সিরিজের ডালা এবার পুরোই প্রাপ্তিতে সাজানো। বড় প্রাপ্তি অবশ্যই মুস্তাফিজুর রহমানের আবির্ভাব। ওয়ানডে অধিনায়কের ভাষায়, ‘অবিশ্বাস্য। বিশ্বমানের পারফরম্যান্স করেছে ও।’ তবে সাতক্ষীরার ১৯ বছর বয়সী পেসারের জন্য এটা কেবলই শুরু। সামনে যে অনন্ত ভবিষ্যৎ পড়ে আছে, সেটাকে আলোকিত করতে প্রয়োজন যথাযথ পরিচর্যা। মাশরাফি নিজে অবশ্য দারুণ আশাবাদী মুস্তাফিজকে নিয়ে, ‘জাতীয় দলে নতুন হলেও ওর মধ্যে অনেক ইতিবাচক দিক দেখেছি। নিজে নিজে জিম করা, বাড়তি অনুশীলন করা—এই ব্যাপারগুলো সে এখনই শিখে গেছে।’
ভারত সিরিজ শেষে মাত্র চার দিনের বিরতি পাচ্ছেন ক্রিকেটাররা। এরপরই শুরু হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতি। দুটি টি-টোয়েন্টি, তিন ওয়ানডে আর দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ৩০ জুনই যে ঢাকায় চলে আসবে প্রোটিয়ারা! দুই সিরিজের মাঝের সময়টা বিশ্রামের জন্য যথেষ্ট নয় মানলেও মাশরাফির কণ্ঠে পেশাদারিত্বের সুর, ‘এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। চার দিনের বিশ্রাম থাকলেও যাদের ফিটনেস কম আছে, তাদের হয়তো দুই দিন আগে থেকেই কাজ শুরু করতে হবে। আমরা সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছি।’
সাফল্যের নেশা বুঝি এভাবেই বাড়িয়ে দেয় আরও কিছু পাওয়ার ক্ষুধা! কষ্টগুলোকে তখন আর কষ্ট মনে হয় না। মনে হয় আকাশে ওঠার সিঁড়ি।