সিরিজ জয়ের ম্যাচে চার নতুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মাঠে এসেই ম্যানেজার খালেদ মাহমুদকে সঙ্গে নিয়ে উইকেট দেখতে নেমে গেলেন চন্ডিকা হাথুরুসিহে। এ রকম দৃশ্য নতুন নয়। নতুন হলো কোচের মুঠোফোনের ক্যামেরায় উইকেটের ছবি তুলে রাখাটা। এই ছবি নাকি হাথুরুসিংহে দেখাবেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভাকে। বলবেন, ‘এশিয়া কাপে কিন্তু আমার এ রকম উইকেট চাই...।’
খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে আজ সিরিজ জয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এ ম্যাচে জিতলে পরশুর শেষ ম্যাচটা হবে শুধু আনুষ্ঠানিকতা। কিন্তু শেখ আবু নাসের স্টেডিয়ামের আবহে সিরিজ জয় নিয়ে আলোচনা নেই। বাংলাদেশ কোচের মতো সবার দৃষ্টিই জিম্বাবুয়ে সিরিজ ছাপিয়ে চলে যাচ্ছে এশিয়া কাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপর। কাল অনুশীলন-পরবর্তী সংবাদ সম্মেলনে যা একটু প্রসঙ্গটা এল। সৌম্য সরকারের কথা শুনে মনে হলো, সিরিজ জয়ের চিন্তা থাকলেও তাঁদের মূল ভাবনা সেটা নয়, ‘সিরিজ জেতার জন্যই নামব, সে রকম কিছু না। সব সময় যে রকম জেতার জন্য নামি, কালও (আজ) সে রকম নামব।’
প্রথম দুই ম্যাচে একাদশ অপরিবর্তিত রেখে টিম কম্বিনেশন খোঁজার অনেক পরীক্ষা হয়েছে। আজ তো নাকি দলে বিশাল পরিবর্তন এনেই করা হবে তা! দল সূত্রের খবর সত্যি হলে তৃতীয় টি-টোয়েন্টির একাদশে সম্ভাব্য পরিবর্তন পাঁচটি। প্রথম দুই ম্যাচের দলে থাকা মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান ও আল আমিন শেষ দুই ম্যাচের দলে নেই বলে এটা হতেই পারে। কিন্তু সিরিজ জয়ের ম্যাচে যে আন্তর্জাতিক অভিষেকও হয়ে যেতে পারে চার ক্রিকেটারের!
মুস্তাফিজুর রহমানের জায়গায় আরেক বাঁহাতি পেসার আবু হায়দার, পেসার আল আমিনের জায়গায় মোহাম্মদ শহীদ, ব্যাটসম্যান মুশফিকুর রহিমের জায়গায় মোসাদ্দেক হোসেন ও শুভাগত হোম চৌধুরীর জায়গায় বোলিং অলরাউন্ডার হিসেবে নেওয়া হবে মুক্তার আলীকে—কাল রাত পর্যন্ত এমন সিদ্ধান্তই নিয়ে রেখেছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এ ছাড়া সিরিজের শেষ দুই ম্যাচে তামিম ইকবালের না খেলাও একরকম চূড়ান্ত। তাঁর জায়গা নিয়ে সৌম্য সরকারের সঙ্গে ইনিংস শুরু করার কথা ইমরুল কায়েসের। এক ম্যাচে এত পরিবর্তন বাংলাদেশ দলে এর আগে কখনো হয়েছে বলে মনে করতে পারছেন না কেউ। তবে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণের ক্রিকেটেই এক ম্যাচে চারের বেশি খেলোয়াড়ের অভিষেক হওয়ার রেকর্ড আছে।
এবারের জিম্বাবুয়ে সিরিজ পূর্বঘোষিতভাবেই পরীক্ষা-নিরীক্ষার সিরিজ। প্রথাগত টিম কম্বিনেশন নিয়ে এর আগে টি-টোয়েন্টিতে সাফল্য পায়নি বাংলাদেশ। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তাই সব ওলট-পালট করে দিয়ে একটা কিছু দাঁড় করাতে চাচ্ছেন হাথুরুসিংহে। এক দিন আগে এটা করার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। গত বছর ৫০ ওভারের বিশ্বকাপে হাতে ভালো বিকল্প খেলোয়াড় না থাকায় সমস্যায় পড়তে হয়েছিল। এবার সে ভুল করতে চাচ্ছেন না এই শ্রীলঙ্কান। মূল দলের পেছনেও পর্যাপ্ত ‘ব্যাকআপ’ খেলোয়াড় রাখতেই একের পর এক নতুন খেলোয়াড়কে দেখা।
কোচের এত পরীক্ষা-নিরীক্ষা নিয়ে দলের ভেতর একধরনের অস্বস্তি কাজ করছে। টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য এত ‘ব্যাকআপ’ খেলোয়াড়ের দরকার কী, সেই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না কেউ। তা ছাড়া ‘ব্যাকআপ’ও কি সব নতুনদের মধ্য থেকেই হতে হবে? এসবই অবশ্য অন্দরমহলের আলোচনা। প্রকাশ্যে কোচের যুক্তিকে উড়িয়ে দেওয়ার ঝুঁকি কেউ নিচ্ছেন না। কোচের পরিকল্পনা সফল হলে সেটা বুমেরাং হয়ে ফিরে আসার আশঙ্কা যেমন আছে, তেমনি সিরিজ চলাকালীন এ নিয়ে কথা বললে দলের ভেতর অস্থিরতাও বাড়বে। হাথুরুসিংহের পা থেকে বল কেড়ে না নিয়ে সবাই তাই তাঁর কারিকুরি দেখারই অপেক্ষায় এখন। অবশ্য কোচের কিছু চিন্তার সঙ্গে একমত পোষণ করছে নির্বাচক কমিটি। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও মনে করেন, ‘যেহেতু কোচ একটা লক্ষ্য নিয়ে কাজগুলো করছেন, আমরাও তাঁকে সমর্থন করে যাচ্ছি। আশা করি এসবের ভালো ফলই পাবে দল।’
আজ সিরিজ জয়ের ম্যাচেই সত্যি হোক অধিনায়কের আশা। নইলে ‘বুমেরাং’ কিন্তু ছুটতে পারে চন্ডিকা হাথুরুসিংহের দিকেও।