সিরিজ তাহলে জিতছেই কিউইরা
বুধবার মানে আগামীকালই চোখে অস্ত্রোপচার করানোর তারিখ ঠিক হয়ে আছে। সংশয় ছিল এই টেস্টে খেলা নিয়েও। বাঁ চোখে গুরুতর সমস্যা নিয়েই রস টেলর এমন সব চোখধাঁধানো শট খেললেন, পাকিস্তানের বোলারদেরই সরষে ফুল দেখার জোগাড়।
টেলরের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩১৩ রানে ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তাতে পাকিস্তানের সামনে ৩৬৯ রান তাড়া করে জেতার অসম্ভব এক লক্ষ্য। ৩ ওভারে বিনা উইকেটে ১ রান তুলে পাকিস্তান নিরাপদে দিনটা পার করেছে বটে। কিন্তু সামনে কঠিন এক পথ। সেডন পার্কের এ মাঠে ২১২ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ডই নেই। একবার শ্রীলঙ্কা ৬ উইকেটে ৩৪৪ করে ম্যাচ ড্র করেছিল। চতুর্থ ইনিংসে এটাই এ মাঠের সর্বোচ্চ। সেটা ২৬ বছর আগের ঘটনা।
পাকিস্তানকে এবার শ্রীলঙ্কার পথেই হাঁটতে হবে। দিন শেষে মোহাম্মদ আমির যদিও দাবি করে গেছেন, ‘আমরা বিশ্বের সেরা দলগুলোর একটি। অবশ্যই আমরা জয়ের জন্যই খেলব।’ কিন্তু জিততে হলে শেষ দিনে পাকিস্তানকে করতে হবে ৩৬৮। প্রথম ইনিংসে পাকিস্তানকে ২১৬ রানে গুঁড়িয়ে দেওয়া টিম সাউদি আর নিল ওয়াগনার শুনলে হাসতে পারেন। দুজন মিলে পাকিস্তানের ৯ উইকেট তুলে নিয়েছিলেন ৩৫ ওভারে। ওভার বিবেচনায় যেটি প্রায় এক সেশনের সমান। আমির তাই হয়তো যোগ করেছেন, ‘আগামীকাল (আজ) প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ।’
দুই টেস্টের সিরিজ বাঁচাতে হলে ম্যাচটা জিততেই হবে। তবে পাকিস্তান বোধ হয় সেই অসম্ভবের পিছে না ছুটে অস্ট্রেলিয়া সফরের আগে ইতিবাচক কিছু কুড়িয়ে নিতে বেশি পছন্দ করবে। আর নিউজিল্যান্ড চাইবে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে। আর তাতে সবচেয়ে বেশি তৃপ্তি পাবেন মার্টিন ক্রো। দুই দলের লড়াইয়ে একবারই কোনো দল হোয়াইটওয়াশ হয়েছিল। ১৯৯০ সালের পাকিস্তান সফরে নিজে প্রায় একা লড়াই করেও ৩-০-এর লজ্জা থেকে দলকে বাঁচাতে পারেননি অধিনায়ক ক্রো। সিরিজ জিতলেও নিউজিল্যান্ডের জন্য তা বড় এক উৎসবের উপলক্ষ হবে। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ জয় যে প্রায় ৩২ বছর আগের কাহিনি।
ক্রোর নামটা অন্য কারণেও এসেছে কাল। ১৩৪ বলে ১৬ চারে করা ১০২ রানের ইনিংসটায় টেলর পেলেন ১৬তম টেস্ট সেঞ্চুরি। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির ক্রোর রেকর্ডটির চেয়ে মাত্রই এক ধাপ দূরে দাঁড়িয়ে তিনি। তথ্যসূত্র: এএফপি।