
এবি ডি ভিলিয়ার্সের ৩১ বলে সেঞ্চুরি, সেঞ্চুরি হাশিম আমলা ও রাইলি রুশোরও। জোহানেসবার্গের দ্বিতীয় ওয়ানডেটা জায়গা পেয়ে গেছে ক্রিকেট-রূপকথায়। উল্টো অবস্থা ঠিক পরের ম্যাচেই। ইস্ট লন্ডনে তৃতীয় ওয়ানডেতে তিন সেঞ্চুরি কেন, সুযোগ ছিল না এক সেঞ্চুরিরই। প্রথমে ব্যাট করে মাত্র ১২২ রানে অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ; জোহানেসবার্গের মতো কিছু করে দেখানোর সুযোগই ছিল না দক্ষিণ আফ্রিকার। তবে ১৫২ বল ও ৯ উইকেট হাতে রেখে ম্যাচটা জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে প্রোটিয়ারা।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে ওয়েস্ট ইন্ডিজ অলআউট ৩৩.৪ ওভারেই। সর্বোচ্চ ২৬ রান মারলন স্যামুয়েলসের। দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির ২৮ রানে নিয়েছেন ৪ উইকেট। ক্রিকইনফো, টেন ক্রিকেট।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ৩৩.৪ ওভারে ১২২ (স্যামুয়েলস ২৬, কার্টার ১৮, বেন ১৮, হোল্ডার ১৭*, রাসেল ১৬, দেওনারায়ণ ১০; তাহির ৪/২৮, ফিল্যান্ডার ৩/২৭, স্টেইন ২/২১, মরকেল ১/২৬)। দক্ষিণ আফ্রিকা: ২৪.৪ ওভারে ১২৪/১ (রুশো ৭, আমলা ৬১*, ডু প্লেসি ৫১*; হোল্ডার ১/১৪)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ভারনন ফিল্যান্ডার।