দুই ম্যাচ শেষে সিরিজটা দাঁড়িয়ে ছিল ১-১ সমতায়। কাল ডারবানে তৃতীয় ম্যাচটিই তাই ছিল ‘ফাইনাল’। অঘোষিত সেই ফাইনালটা সহজেই জিতল দক্ষিণ আফ্রিকা। ভালো শুরুর পরও নিউজিল্যান্ড হেরেছে ৬২ রানের বড় ব্যবধানে। তিন ম্যাচের সিরিজটা প্রোটিয়ারা জিতে নিল ২-১-এ।
২৮৪ রানের লক্ষ্য। ১৮ রানেই নেই নিউজিল্যান্ডের বিশ্বকাপ নায়ক মার্টিন গাপটিল (১০)। তবে দ্বিতীয় উইকেটে ৮৪ রান যোগ করে দলকে ভালোভাবেই ম্যাচে রেখেছিলেন টম ল্যাথাম (৫৪) ও কেন উইলিয়ামসন (৩৯)। ১২ রানের মধ্যে এ দুজনের বিদায়ের ধাক্কাটা আর কাটিয়ে উঠতে পারেনি কিউইরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অলআউট হয়েছে ২২১ রানে।
এর আগে টস জিতে ব্যাটিং নেওয়া দক্ষিণ আফ্রিকার সূচনা হয় দারুণ। ৮৯ রানের ওপেনিং জুটি গড়ার পর হাশিম আমলা ৪৪ রান করে আউট হয়েছেন গ্রান্ট এলিয়টের বলে। এরপর মরনে ফন উইক ফিরে যান ৫৮ রানে, ৪৮ বলে ৬৪ রান করে ফেরেন এবি ডি ভিলিয়ার্স। নিজের ১৯০তম ম্যাচে এই ইনিংসটির পথে ১৯ রান হতেই ওয়ানডেতে ৮০০০ রান পূর্ণ করেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। ১৮২ ইনিংসেই মাইলফলকটি ছুঁয়েছেন ডি ভিলিয়ার্স। ইনিংসের হিসেবে তিনিই দ্রুততম। পেছনে পড়ে গেলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (২০০ ইনিংস)।
পরে ডেভিড মিলার (৩৭ বলে ৩৬) ও ফারহান বেহারডিয়ানের (২৮ বলে ৪০) ব্যাটিংয়ে ২৮৩ রানে পৌঁছায় স্বাগতিকেরা। নিউজিল্যান্ডের বেন হুইলার ৩ ও গ্রান্ট এলিয়ট ২ উইকেট নেন। টেন ক্রিকেট, ক্রিকইনফো।