সিরিজ দক্ষিণ আফ্রিকার
‘মারি খেলেন, মারি খেলেন!’ কিসের কী, দর্শকদের চিত্কার হলো অরণ্যে রোদন। থিতু হয়ে যাওয়া বাংলাদেশের ব্যাটাররা ‘মারি খেলতে’ পারলেন না। শম্বুকগতিতে চলতে থাকা ইনিংসটা একপর্যায়ে মুখ থুবড়ে পড়ল ১৫৭ রানে। বাংলাদেশ হার ৯৪ রানে। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজটা জিতে নিল দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
কাল কক্সবাজারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রুমানারা যে আরেকটি পরাজয়ের গল্প লিখতে যাচ্ছেন, দক্ষিণ আফ্রিকা ২৫১ রান করার পরই তা বোঝা গেছে। যাঁদের রেকর্ড সর্বোচ্চ ৮৮ রান তাড়া করে জয়, সেখানে প্রোটিয়াদের গড়া এই পাহাড় টপকানো তো অসম্ভব।
৪১ রানে ৪ উইকেট হারিয়ে কাঁপতে থাকা বাংলাদেশ হারতে পারত আরও বড় ব্যবধানে। পঞ্চম উইকেটে ফরজানা হক-সালমা খাতুনের ৭১ রানের জুটিটাই তা হতে দেয়নি। তবে থিতু হয়েও রানের চাকা দ্রুত ছোটাতে পারেননি বাংলাদেশের দুই ব্যাটার। আসলে পরাজয়ের ব্যবধান কমানোরই লক্ষ্য ছিল যেন তাঁদের। বাংলাদেশের ব্যাটিংয়ের উজ্জ্বলতম দিক ফারজানার লড়াই। মার্সিয়া লেতসোয়ালোর বলে বোল্ড হওয়ার আগে করেছেন ক্যারিয়ার-সর্বোচ্চ ৬৭।
আগের ম্যাচ জয়ের পর যে চনমনে বাংলাদেশকে দেখা গিয়েছিল, সেটি কাল খুঁজেই পাওয়া যায়নি। এই পরাজয়ে অনভিজ্ঞতাকে বড় করে দেখছেন অধিনায়ক রুমানা, ‘আজ (কাল) বোলিং খুব একটা ভালো হয়নি। ফিল্ডিংও খারাপ হয়েছে। আসলে এত বড় স্কোর তাড়া করার অভিজ্ঞতা আমাদের নেই। সামনে যত খেলব, তত এগোব।’
শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রোটিয়ারা চাপে রাখে বাংলাদেশকে। যদিও ৪৬ রানে তাদের দুই ওপেনারকে ফিরিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন রুমানা-খাদিজারা। কিন্তু ডু প্রিজ-ট্রয়নের অসাধারণ ব্যাটিংয়ে প্রথম ম্যাচের মতো কালও বাংলাদেশকে রানে চাপা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। খাদিজাতুল কুবরার বলে এলবিডব্লু হওয়ার আগে ডু প্রিজ করেন ৭৯ রান।
খাদিজার বোলিংই হয়তো এই সিরিজে বাংলাদেশের বড় প্রাপ্তি। কালও দারুণ বোলিং করেছেন এই অফ স্পিনার (৩/৪৮)।
উইকেট থেকে খুব একটা সহায়তা পাননি বাংলাদেশের বোলাররা। প্রোটিয়া ব্যাটাররা রান তুলেছেন মনের আনন্দে। স্বাগতিক দল হিসেবে নিজেদের শক্তি অনুযায়ী উইকেট না পেয়ে অসন্তুষ্ট বাংলাদেশ। তবে ম্যাচসেরা প্রোটিয়া ব্যাটার ডু প্রিজ এমন উইকেট পেয়ে বেশ খুশি, ‘উইকেট দারুণ ছিল। ভালো বাউন্স ছিল। টার্ন অতটা ছিল না।’
এসব ভেবে এখন কী লাভ! শেষ ম্যাচটা জিততে পারাটাই হবে বাংলাদেশের বড় সান্ত্বনা।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৫১/৭ (ডু প্রিজ ৭৯, ট্রিয়ন ৪৭, লি ২৮, ফন নিকার্ক ২৬; খাদিজা ৩/৪৮, রুমানা ২/৩০)। বাংলাদেশ: ৫০ ওভারে ১৫৭ (ফারজানা ৬৭, সালমা ৩০, শায়লা ১৫; খাকা ৩/৩৪, ড্যানিয়েলস ২/২১, লেতসোয়ালো ২/৩৯)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৯৪ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মিগনন ডু প্রিজ।