আজ অ্যাঞ্জেলো ম্যাথুস যখন সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস করতে নামবেন, কুমার সাঙ্গাকারা তখন শুধুই নিবিষ্ট একজন দর্শক। জয়াবর্ধনে-সাঙ্গাকারাবিহীন যে যুগটা আসি আসি করছিল, সেটা তাহলে এসেই গেল!
আগের টেস্টেই সাঙ্গাকারা বিদায় বলেছেন, তবে ম্যাথুসের অবশ্য স্মৃতিকাতরতায় ভেসে যাওয়ার সময় একদমই নেই। প্রথম দুই টেস্টের পর সিরিজে ১-১ সমতা, শেষ টেস্টটি তাই হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী। তবে এসএসসির স্মৃতিটা শ্রীলঙ্কা অধিনায়ককে আশা দিতে পারে, এখানে সাতটি টেস্টের মাত্র একটিতেই ভারতের কাছে হার, সেটিও সেই ১৯৯৩ সালে। আর সবসুদ্ধ এই মাঠে সর্বশেষ ১৪ টেস্ট হারেনি শ্রীলঙ্কা, সর্বশেষ হেরেছিল ২০০৪ সালে অস্ট্রেলিয়ার কাছে।
কিন্তু ম্যাথুস জানেন হাওয়াটা এখন তাঁর উল্টো দিকেই বইছে। আগের টেস্টে ২৭৮ রানে হারটা এখনো হয়ে আছে দগদগে একটা ক্ষত। অনেকগুলো প্রশ্নের উত্তরও খুঁজতে হচ্ছে একই সঙ্গে। সাঙ্গাকারার জায়গাটা নেবেন কে? স্পিনার থারিন্ডু কৌশল চোট কাটিয়ে খেলতে পারবেন? হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠেছেন নুয়ান প্রদীপ, দুষ্মন্ত চামিরা কি তাহলে বাদ পড়বেন? নিজেকে হারিয়ে খোঁজা জিহান মুবারক কি আরেকটা সুযোগ পেতে পারেন? দিনেশ চান্ডিমালকে কি ব্যাটিং অর্ডারে উঠিয়ে আনা উচিত?
তবে ম্যাথুসের সবচেয়ে বড় উদ্বেগ অন্য জায়গায়। হেরাথ ও নিজে ছাড়া এই শ্রীলঙ্কা দলে ২৫টি টেস্ট খেলারও অভিজ্ঞতা আর কারও নেই। ভারতের সঙ্গে এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের চাপ নিতে পারবেন নতুনেরা?
ভারতের সামনে এখন ২২ বছর পর শ্রীলঙ্কা মাটিতে সিরিজ জয়ের হাতছানি। তবে ভারত অধিনায়ক বিরাট কোহলিকেও খুঁজতে হচ্ছে অনেক প্রশ্নের উত্তর। ওপেনিংটাই সবচেয়ে বড় মাথাব্যথার নাম। তিন টেস্টে তিনটি আলাদা ওপেনিং জুটি খেলাতে হচ্ছে ভারতকে! প্রথম টেস্টে খেলা শিখর ধাওয়ানকে পাওয়া যায়নি দ্বিতীয় টেস্টে, চোটের কারণে প্রথম টেস্ট খেলতে না পারা মুরালি বিজয়কে দ্বিতীয় টেস্টেই কেড়ে নিয়েছে চোট। চেতেশ্বর পূজারাকে দলে ফিরে তাই ওপেনিংয়ে লোকেশ রাহুলের সঙ্গী হতে হচ্ছে। তবে আসা-যাওয়ার এই দলে রোমাঞ্চটা সবচেয়ে বেশি নমন ওঝার। হ্যামস্ট্রিংয়ের চোটে বাইরে চলে যাওয়া ঋদ্ধিমান সাহার জায়গায় আজ অভিষেক হতে যাচ্ছে ৩২ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটসম্যানের। ক্রিকইনফো, টাইমস অব ইন্ডিয়া।