সিরিজ বাঁচাতে পারবে মেয়েরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্মআপের পর প্রথাগত বোলিং-ব্যাটিং অনুশীলন নয়, ডেভিড ক্যাপেল কালও খেলোয়াড়দের নিয়ে চলে গেলেন মাঝ উইকেটে। ম্যাচের আবহ তৈরি করে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে ঘণ্টা দুয়েক চালালেন অনুশীলন। কক্সবাজারে আসার পর থেকেই মেয়েদের এভাবে অনুশীলন করাচ্ছেন ক্যাপেল।

এ ছাড়া উপায়ও নেই কোচের। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের মেয়েদের সাফল্য না পাওয়ার বড় কারণ অনভিজ্ঞতা। গত তিন বছরে বাংলাদেশ নারী ক্রিকেট দল খেলেছে মাত্র ৯টি ওয়ানডে। এ সময় প্রোটিয়া মেয়েরা খেলেছেন ৩৯টি ম্যাচ। প্রোটিয়া দলে ৫০টির ওপর ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে চারজনের। সেখানে বাংলাদেশ এখন পর্যন্ত ৫০ ওভারের ম্যাচই খেলেছে ২২টি।

২০১৪ সালের মার্চের পর দেশের মাঠে ওয়ানডে সিরিজ খেলছেন রুমানারা। নিয়মিত খেলার মধ্যে না থাকায় স্বাভাবিকভাবে সেটির প্রভাব পড়েছে ফিটনেসেও। যদিও মেয়েদের জন্য একজন বিদেশি ট্রেনার রেখেছে বিসিবি।

মেয়েরা পিছিয়ে আছেন ‘পাওয়ার’ ক্রিকেটেও। ওভারপ্রতি পাঁচ-ছয়ের বেশি রান করতে হলেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্যাটিং অর্ডার। তবে ইতিবাচক দিক হচ্ছে, ঘরের মাঠের পাঁচ ম্যাচের এই সিরিজে একটু একটু করে উন্নতি হচ্ছে। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয়টিতে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন রুমানা-খাদিজারা। আজ তৃতীয় ম্যাচটি জিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

দলের সঙ্গে থাকা বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সংবাদমাধ্যমকে কাল সিরিজ বাঁচানোর জন্য সম্ভাব্য দুটি উপায় দেখেন— 

* ‘আমাদের বোলিং খুব একটা খারাপ নয়। তবে ভোগাচ্ছে বাজে ফিল্ডিং। দুটি ম্যাচেই বেশ কিছু ক্যাচ ছেড়েছে ফিল্ডাররা। জিততে হলে ফিল্ডিং আরও ভালো করতে হবে।’

* ‘কাল (পরশু) ব্যাটিং যেভাবে হয়েছে, সেটা ধরে রাখতে হবে। আমাদের মেয়েদের পাওয়ার ক্রিকেটে দুর্বলতা আছে, রানরেট বেড়ে গেলে পরে সেটা পুষিয়ে নিতে পারে না। বাংলাদেশ যদি ২০০-এর বেশি রান করতে পারে কিংবা প্রতিপক্ষকে যদি ২০০-এর আশপাশে বেঁধে রাখা যায় তবে জেতা সম্ভব।’

দেখা যাক, রুমানারা আজ সিরিজ বাঁচাতে পারেন কি না!