সিরিজ বাঁচানোর ম্যাচ
প্রথম ম্যাচে সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। উল্টো ভারত ‘এ’ দলের কাছে হেরেছে বড় ব্যবধানে। পরশুর সেই হারের ক্ষত শুকাতে কাল কঠোর পরিশ্রমই করলেন মুমিনুলরা। কাল দুপুরে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পার্শ্ববর্তী মাঠে ঘণ্টা তিনেক অনুশীলন করল বাংলাদেশ ‘এ’। আজই যে চিন্নাস্বামীতে নেমে পড়তে হচ্ছে সিরিজ বাঁচানোর লড়াইয়ে। তিন ম্যাচের এক দিনের সিরিজ, সিরিজ বাঁচাতে আজ তাই জিততেই হবে বাংলাদেশের দ্বিতীয় দলটিকে।
প্রথম ম্যাচে লিটন-নাসির ছাড়া ব্যর্থ অন্য ব্যাটসম্যানরা। তবে ব্যাটিং অর্ডারে সম্ভবত পরিবর্তন আসছে না। একাদশে একটি পরিবর্তন নিশ্চিত। সেটা অবশ্য বাধ্য হয়েই করতে হচ্ছে। চোটে পড়ে গতকাল বাংলাদেশে ফিরে আসা পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে ঢুকতে পারেন আল আমিন হোসেন। তাসকিনের বদলি হিসেবে ডাক পাওয়া পেসার কামরুল ইসলাম (রাব্বি) বেঙ্গালুরুতে দলের সঙ্গে যোগ দেবেন আজ।