সিরিজ শুরুর আগে
প্রতিটি বিভাগেই সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিততে চাই। ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকেই বলুন অথবা দলীয় দৃষ্টিকোণ থেকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই আমার লক্ষ্য।
মুশফিকুর রহিম
নিজেদের কন্ডিশনে ওরা (বাংলাদেশ) খুব ভালো দল। খুবই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে ওরা।
স্টিভ স্মিথ, বাংলাদেশে রওনা হওয়ার আগে
আমি কোনো ফেবারিট বেছে নেব না। কারণ বাংলাদেশ এখানে খুবই ভালো খেলে। আমার মনে হয় দুর্দান্ত একটা সিরিজ হবে।
ঢাকায় আসার পর
টেস্ট ক্রিকেটে আমরা কিছুটা উন্নতি করেছি। এখন অন্তত আমরা উপমহাদেশে ম্যাচ জয়ের পরিকল্পনা করতে পারি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্টই আমরা জিততে চাই।
চন্ডিকা হাথুরুসিংহে
ওদের (বাংলাদেশের) একেবারে নিচের দিক পর্যন্ত ভালো কিছু ব্যাটসম্যান আছে। দেশের মাটিতে ওদের রেকর্ডও ভালো। ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলেছে। দলটার গভীরতা অনেক এবং দেশের মাটিতে আসলেই ভালো খেলে।
ড্যারেন লেম্যান
আমরা অস্ট্রেলিয়া দলের বিপক্ষে খেলছি, যারা খুব পেশাদার আর দারুণ একটা দল। ওদের সঙ্গে ভালো করতে হলে পেস বলেন, স্পিন বলেন সবই ভালোভাবে সামলাতে হবে।
তামিম ইকবাল
আমাদের স্পিন আক্রমণ ওদের চেয়ে ভালো। সব কন্ডিশনে বলব না, তবে আমাদের দেশে ওদের চেয়ে
আমরাই ভালো।
সাকিব আল হাসান
আমার মনে হয়, (কোন দলের স্পিন বেশি ভালো) সেটি দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই দুই দলের কেউই তো একে অন্যের বিপক্ষে খেলেনি। সে ক্ষেত্রে এমন কিছু বলে দেওয়াটা অনেক অনেক বড় বিবৃতি। তবে সবাই নিজের মতো করে মত দিতেই পারে
নাথান লায়ন, সাকিবের কথার জবাবে
অস্ট্রেলিয়ার পেসাররা অবশ্যই ভালো। তবে আমরাও ফেলে দেওয়ার মতো নই। আমাদের পেসাররা অনেক বড় বড় ম্যাচ জিতিয়েছে। তা ছাড়া এখানকার উইকেট ওদের চেয়ে আমরা ভালো বুঝি
তাসকিন আহমেদ
এটা কঠিন একটা সফর হবে। আর যা-ই হোক সহজ যে হবে না, আমার মনে হয় তারাও (অস্ট্রেলীয় খেলোয়াড়েরাও) এটা বিশ্বাস করে।
ইয়ান চ্যাপেল