একটা সিরিজে এত কিছু! মাঠে রোমাঞ্চের সব রকম পসরা সাজিয়ে বসা টেস্ট ক্রিকেট। মাঠের বাইরে কথার লড়াই, খোঁচাখুঁচি, বিতর্ক। কখনো স্টিভেন স্মিথের ‘ব্রেন ফেড’ হচ্ছে, কখনো বিরাট কোহলি স্মিথকে ‘প্রতারক’ বলছেন। কখনো অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম কোহলিকে ‘ডোনাল্ড ট্রাম্প’ বানিয়ে দিচ্ছে, কখনো স্মিথের মুখ থেকে বেরিয়ে আসছে অশ্রাব্য গালি। কী ছিল না এই সিরিজে!
রোমাঞ্চকর সিরিজের শেষটা হলো কাল ধর্মশালায় ভারতের ৮ উইকেটের জয়ে। যে জয়ে কোহলির দল সিরিজ নিয়ে গেল ২-১ ব্যবধানে, ফিরে পেল বোর্ডার-গাভাস্কার ট্রফি। কিন্তু শেষ হলেও এই সিরিজের রেশ বোধ হয় থেকে যাবে অনেক দিন। অন্তত ধর্মশালা টেস্ট শেষে দুই অধিনায়কের কথা শুনে তা-ই মনে হচ্ছে। সিরিজে বেশ কয়েকবার নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ হারানোর জন্য অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথ যদিও ক্ষমা চাইলেন। কিন্তু ভারত অধিনায়ক কোহলি মনে হয় না তাতে খুব একটা গলেছেন। সোজা বলে দিলেন, মাঠের বাইরে অস্ট্রেলিয়ানদের সঙ্গে যে বন্ধুত্ব ছিল, সেটি শেষ হয়ে গেছে এই সিরিজেই!
ধর্মশালায় ভারতের জয়টা অবশ্য আগের দিনই খুব অনুমেয় হয়ে পড়েছিল। কাল শুধু আনুষ্ঠানিকতাটাই বাকি ছিল। অস্ট্রেলিয়ার দেওয়া ১০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বিনা উইকেটে ১৯ রান নিয়ে দিন শুরু করেছিল ভারত। দলের ৪৬ রানে পরপর মুরালি বিজয় আর চেতেশ্বর পূজারা ফিরে গেলেও লোকেশ রাহুল ও অজিঙ্কা রাহানে আর কোনো বিপদ হতে দেননি।
লাঞ্চের আগেই টেস্টের ফল হয়ে যাওয়ার পর পুরস্কার বিতরণী মঞ্চে এসে স্মিথ সব বিতর্কের ইতি টানতে চাইলেন। এই সিরিজে সর্বশেষ বিতর্কটাও তাঁর সৃষ্টি। আগের দিনই টেলিভিশন ক্যামেরায় দেখা গেছে, অস্ট্রেলিয়ান অধিনায়ক গালি দিচ্ছেন মুরালি বিজয়কে।
এই ঘটনা ও সিরিজে এর আগে কয়েকবার নিজের আচরণের প্রসঙ্গে ম্যাচ শেষে স্মিথ বলেন, ‘আমি মাঝেমধ্যে খুবই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, কয়েকবার ধন্দে পড়ে গিয়েছিলাম। এর ফলে বেশ কয়েকবার নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছি। সবকিছুর জন্যই আমি ক্ষমা চাইছি।’
ক্ষমা চাওয়ার অবশ্য অন্য কারণও থাকতে পারে। সামনেই আইপিএল। স্টিভ স্মিথ পুনের অধিনায়ক। যে দলে খেলেন রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্কা রাহানেরা। এই সিরিজের কারণে যদি আইপিএল-সতীর্থদের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যায়, সেটা স্মিথের জন্য ভালো কিছু হবে না।
অশ্বিন-রাহানের সঙ্গে স্মিথের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, তা দেখার অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে বিরাট কোহলির সঙ্গে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সম্পর্কটা যে আগের মতো থাকছে না, সেটি পরিষ্কার। সিরিজ শুরুর আগে ভারত অধিনায়ক বলেছিলেন, মাঠের বাইরে অস্ট্রেলিয়ানদের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু কাল সিরিজ শেষের সংবাদ সম্মেলনে যখন প্রশ্ন করা হলো, সম্পর্কটা আগের মতো আছে কি না, কোহলি স্পষ্ট বলে দিলেন, ‘না, ওটা বদলে গেছে। আমি ভেবেছিলাম আমরা বন্ধু, কিন্তু এখন সেটি অবশ্যই বদলে গেছে। প্রথম টেস্টের আগে যে কথাটা বলেছিলাম, সেটা আমাকে আর কখনো বলতে শুনবেন না।’ এএফপি, রয়টার্স।