সিরিজ শেষ লাকমলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে যতক্ষণ থাকেন, কিছুদিন ধরে শ্রীলঙ্কার সেরা পেসার তিনিই। কিন্তু মাঠের ভেতরের চেয়ে বাইরেই যে বেশি থাকতে হয়! আরও একটা সিরিজ দর্শক হয়ে থাকতে হবে সুরাঙ্গা লাকমলকে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের শ্রীলঙ্কা দলে ছিলেন এই পেসার। কিন্তু তাঁর সিরিজ শেষ হয়ে গেল শুরুর আগেই। বাঁ পায়ের অ্যাঙ্কেলের চোটে টেস্ট সিরিজে খেলতে পারবেন না লাকমল। শঙ্কা আছে টেস্টের পর ওয়ানডে সিরিজে খেলা নিয়েও।

গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে অ্যাঙ্কেলে চোট পান লাকমল। দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পেরেছিলেন মাত্র ৪ ওভার। শ্রীলঙ্কার অবশ্য ভয় ছিল স্ট্রেস ফ্র্যাকচারও হতে পারে লাকমলের। সেই শঙ্কা সত্যি হয়নি, তবে অ্যাঙ্কেল ফুলে আছে এখনো। ঠিক হতে সময় লাগবে কমপক্ষে তিন সপ্তাহ। দলে থাকলেও চোটের কারণে খেলা নিয়ে শঙ্কা আছে আরেক পেসার শামিন্দা ইরাঙ্গারও। লাকমল-ইরাঙ্গার চোটের কথা মাথায় রেখেই স্কোয়াডে পাঁচ পেসার রেখেছিল শ্রীলঙ্কা। লাকমলের কোনো বদলি তাই ডাকা হয়নি। গল টেস্ট দিয়ে আগামীকাল থেকেই শুরু পাকিস্তান-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। ক্রিকইনফো।