সিরিজ শেষেও শুরুর শাদাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর অন্য প্রান্তে খেলছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। সময়ের পার্থক্য, পরিচিত তারকাদের অনুপস্থিতি—সব মিলিয়েই এ দুই দলের টি-টোয়েন্টি সিরিজটা খুব একটা আগ্রহ জাগাচ্ছিল না। কিন্তু আঠারো বছরের এক তরুণ বদলে দিয়েছেন সবকিছু। শাদাব খান নামের এক বিস্ময়ের আবির্ভাবটাই বাধ্য করছে, পাকিস্তানের ৩-১ ব্যবধানে জেতা সিরিজটার কথা মনে রাখতে।
আন্তর্জাতিক অভিষেকটা হলো বিদেশ-বিভুঁইয়ে। কিন্তু এই লেগ স্পিনারের বোলিং দেখে বোঝার কোনো উপায় ছিল না। প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। সেটাকে ভাবা হচ্ছিল, ক্রিকেটে শুরুতেই ভালো করার অগণিত ঘটনার আরেকটি উদাহরণ। সে চিন্তাটা বদলে গেল দ্বিতীয় ম্যাচে, রানটা দ্বিগুণ দিলেও উইকেট বেড়েছিল একটি। তাঁর স্পেলেই জয় দেখতে থাকা ওয়েস্ট ইন্ডিজ হেরে গেল ম্যাচ। দুই ম্যাচ শেষে তাঁর গড়টা ছিল অবিশ্বাস্য—৩.০০! যেন স্বপ্নরাজ্যে ঘুরছেন আর উইকেট পাচ্ছেন শাদাব।
তৃতীয় ম্যাচে অবশ্য তাঁর ঘুম কাটিয়ে দিয়েছেন এভিন লুইস। তাঁর ৫১ বলে ৯১ রানের ঝড়ে ম্যাচটা জিতে নিয়েছিল স্বাগতিক দল। আর শাদাবকে মর্ত্যের মানুষ মনে করিয়েছেন ক্যারিবীয় ওপেনার। ৩.৫ ওভারে সেদিন ৩৮ রান দিয়ে লুইসের উইকেটটাই শুধু পেয়েছেন শাদাব। সেদিন মনে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কোচ স্টুয়ার্ট লর ‘শাদাবের বিপক্ষে আরেকটু আক্রমণাত্মক হওয়ার’ টোটকাটা বোধ হয় কাজে লেগেছে।
পরশু একই পরিকল্পনা নিয়ে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। শাদাবের তৃতীয় বলটাকে ৯০ মিটার দূরে পাঠিয়ে নিজের অভিসন্ধি বুঝিয়ে দিয়েছেন চাডউইক ওয়ালটন। কিন্তু লর জবাব মিকি আর্থারের কাছে ছিল। ম্যাচে শাদাবের বলে ওই একবারই বাউন্ডারি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রহস্য? আর্থারের ছোট্ট একটা উপদেশ, ‘আগের ম্যাচে একটু জোরের ওপর বল করেছিলাম। কোচ পরামর্শ দিলেন আরেকটু আস্তে বল করার জন্য। সেটাই করেছি, ফলও পেয়েছি।’ ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন শাদাব, সিরিজ-সেরাও ক্রিকেটের নতুন এই লেগ স্পিন তারকা।
তবে পরশুর নায়ক হাসান আলী। ইনিংসের মাঝপথে টানা ২ উইকেট মেডেনে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন এই পেসার। তাঁর ১২ রানে ২ উইকেটে ১২৪ রানে থেমেছে ওয়েস্ট ইন্ডিজ। তাড়া করতে নেমে আহমেদ শেহজাদের ধীরস্থির ৫৩ রানে ম্যাচটা পাকিস্তান জিতে নিয়েছে ৭ উইকেটে।
আগামী শুক্রবার শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সূত্র: ক্রিকইনফো।