সিরিজে এগিয়ে যাওয়ার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডসে পাকিস্তান, ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড। আজ এ দল, কাল ও দল—এই ধারাই কি চলবে আজ থেকে শুরু এজবাস্টন টেস্টেও? পাকিস্তান কি পারবে ওল্ড ট্রাফোর্ডের দুঃস্বপ্নকে পেছনে ফেলতে?

কাজটা কঠিন। দলটির কোচ মিকি আর্থারও স্বীকার করে নিয়েছেন এজবাস্টনে জিতে সিরিজে এগিয়ে যেতে অসাধ্যসাধন করতে হবে তাঁর দলকে। পারফরম্যান্সের ‘ব্যাপক’ উন্নতি ছাড়া ইংল্যান্ডকে হারানো সম্ভব নয়, এই বলেই শিষ্যদের সতর্ক করেছেন কোচ।

ওল্ড ট্রাফোর্ডে দলের পারফরম্যান্স বিশ্লেষণ করেই আশাবাদী হতে পারছেন না পাকিস্তানের দক্ষিণ আফ্রিকান কোচ। শিষ্যদের কাছে তাই আর্থারের আকুতি হারিয়ে ফেলা ‘লড়াকু’ মানসিকতা ফিরিয়ে আনার, ‘ওল্ড ট্রাফোর্ডে যেমন খেলেছি, তার চেয়ে অনেক অনেক ভালো খেলতে হবে। আমি সত্যিই হতাশ। হার দুই রকমের—সম্মানজনক হার ও মাটিতে পিষে যাওয়া। ওল্ড ট্রাফোর্ডে হারটা দ্বিতীয় পর্যায়ের। লর্ডসে আমরা ইতিবাচক ছিলাম। ছেলেদের বলেছিও, লর্ডসে আমরা ছিলাম যোদ্ধা। ওল্ড ট্রাফোর্ডে উল্টোটা।’

প্রথম দুই টেস্টে দুই মেরুই দেখে ফেলেছে ইংল্যান্ডও। তবে সর্বশেষ টেস্টটি জেতায় আত্মবিশ্বাসের দিক দিয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবে তারা। এজবাস্টনে গত কয়েক বছরের রেকর্ডও আশা জোগাচ্ছে। এখানে সর্বশেষ পাঁচ টেস্টের তিনটিতেই বড় ব্যবধানে জিতেছে ইংলিশরা।

ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুককে অবশ্য তারপরও ভাবতে হচ্ছে ব্যাটসম্যানদের নিয়ে। কুক নিজে রান পাচ্ছেন, রানের মধ্যে আছেন জো রুট। তবে টপ অর্ডারের অন্য তিন ব্যাটসম্যান জেমস ভিন্স, গ্যারি ব্যালান্স ও অ্যালেক্স হেলস ইনিংস বড় করতে পারছেন না। পাকিস্তানেরও একই সমস্যা। প্রথম দুই টেস্টে ৫০ ছাড়ানো ইনিংস খেলেছেন শুধু মিসবাহ ও আসাদ শফিক।

এজবাস্টনে ইংল্যান্ড ফিরিয়েছে পেসার স্টিভেন ফিনকে। চোটের কারণে সরে দাঁড়ানো বেন স্টোকসের জায়গায় ডাকা হয়েছে তাঁকে। পরিবর্তন আসতে পারে পাকিস্তানের একাদশেও। শান মাসুদের জায়গায় আসতে পারেন সামি আসলাম। এএফপি, ক্রিকইনফো।