সিরিজে ফিরতে চাই ২৪৮

প্রথম ম্যাচটা জিততে জিততে হেরে যাওয়া পর আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। ম্যাচ তো বটেই সিরিজে ফিরতে হলে আজকের ম্যাচে জিততেই হবে মুশফিকুর রহিমের দলের। সে জন্য করতে হবে ২৪৮ রান।
স্লগওভারে বাংলাদেশের বোলাররা প্রত্যাশামতো ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা আটকে রাখতে পারেননি। শেষ ১০ ওভারে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা তুলেছে ৭৫ রান, এ সময় পড়েছে ৩ উইকেট। নির্ধারিত ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ২৪৭। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল মাশরাফি বিন মুর্তজা। ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছেন ডানহাতি এ পেসার। ১০ ওভারে ৩৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আল আমিন হোসেন ২ উইকেটে নিলেও বেশ খুরুচে ছিলেন। ১০ ওভারে দিয়েছেন ৬০ রান। উইকেট না পেলেও আবদুর রাজ্জাকও হিসাবি বোলিং করেছেন, ১০ ওভারে দিয়েছেন ৪৩।
এর আগে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ অধিনায়ক। ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না ক্রিস গেইলের। ওয়ানডে সর্বশেষ সেঞ্চুরি সেই এক বছর আগে। সেটা সর্বশেষ পঞ্চাশোর্ধ্ব ইনিংসও। জাতীয় দলের হয়ে খেলার তাগিদ নিয়ে বহুদিন ধরে শোনা প্রশ্নটাও উঁকিঝুঁকি মারছিল। অবশেষে গেইল যেন আজ স্বরূপে ফেরার প্রতিজ্ঞা করে নেমেছিলেন। এক বছর পর ওয়ানডেতে প্রথম ফিফটির দেখাও পেয়েছেন। শেষ পর্যন্ত ৩ চার, ৫ ছক্কায় ৬৭ বলে ৫৮ করে ফিরেছেন মাহমুদউল্লাহর শিকার হয়েছে।
মাহমুদউল্লার বলেই একবার ‘আউট’ হয়েও বেঁচে গেছেন রেফারেলের বদৌলতে। এরপর ব্যাটে ঝড়ের পূর্বাভাস দিচ্ছিলেন। ৫ ছক্কা তারই প্রমাণ। অবশ্য আরও বড় বিপদ হওয়ার আগেই গেইলকে ফেরাতে পেরেছে বাংলাদেশ।
টসে জিতে বোলিং করতে নামা বাংলাদেশের শুরুটা অবশ্য দারুণ হয়েছিল। নিজের প্রথম আর ইনিংসের দ্বিতীয় ওভারে আল-আমিন উপড়ে ফেলেন কার্ক এডওয়ার্ডসের স্টাম্প। প্রথম ওয়ানডেতেও দুর্ধর্ষ শুরু করেছিলেন আল-আমিন। তাঁর আঘাতেই ওয়েস্ট ইন্ডিজ এক সময় ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে সেই অবস্থা থেকে ম্যাচ বের করে নিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
আজ অবশ্য দ্রুত সঙ্গীকে হারালেও মাথা ঠান্ডা রেখেছিলেন গেইল। দ্বিতীয় উইকেটে ড্যারেন ব্রাভোর সঙ্গে ৮৮ রানের জুটিও গড়েছেন। দ্বিতীয় উইকেটের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে প্রায় কুড়ি ওভার।
৩৯.৩ ওভারে আল-আমিনের বলে আগের দিনের সফল দিনেশ রামদিন ৩৪ করে ফিরলে বাংলাদেশকে বেশ ভুগিয়েছে কাইরন পোলার্ডের ও লেন্ডল সিমন্সের পঞ্চম উইকেট জুটি। এ জুটিতে এসেছে ৪৩ বলে ৫১।