সিরিজে ফিরল ইংল্যান্ড

প্রথম ওয়ানডে সেঞ্চুরিটা জেমস টেলর পেতে পারতেন গত বিশ্বকাপেই। সেটা হয়নি আম্পায়ার ভুল করে জেমস অ্যান্ডারসনকে রানআউট দিয়ে দেওয়ায়। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে ৯৮ রানে অপরাজিত ছিলেন সঙ্গীবিহীন টেলর। ম্যাচটা ইংল্যান্ড হেরেছিল ১১১ রানে। প্রায় সাত মাস পর সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেই ঘুচল টেলরের সেঞ্চুরির আক্ষেপ। এবার তাঁর সেঞ্চুরির ম্যাচটিতে ইংল্যান্ড জিতেছেও। পরশু ওল্ড ট্রাফোর্ডে বাঁচা-মরার তৃতীয় ওয়ানডেটা ৯৩ রানে জিতে সিরিজেও ফিরে এসেছে প্রথম দুই ম্যাচেই হারা ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে টানা সাত ম্যাচ হারার পর এই প্রথম জিতল ইংল্যান্ড।
টেলরের ১০১ রান এবং জেসন রয় ও এউইন মরগানের ফিফটিতে ৮ উইকেটে ৩০০ রান করে ইংল্যান্ড। জবাবে ৪৪ ওভারেই অস্ট্রেলিয়া অলআউট ২০৭ রানে। মঈন আলী ও আদিল রশিদের স্পিনই সামলাতে পারেনি অস্ট্রেলীয়রা। এই দুই স্পিনারের ২০ ওভারে মাত্র ৭৩ রান তুলেছে অস্ট্রেলিয়া। অফ স্পিনার মঈন করেছেন ওয়ানডেতে ক্যারিয়ার-সেরা বোলিং (৩/৩২)। লেগ স্পিনার রশিদ নিয়েছেন ২ উইকেট। অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ ৫৩ রান দলে ফেরা ওপেনার অ্যারন ফিঞ্চের।
বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের কাছে হারার পর পরশুই প্রথম হারল অস্ট্রেলিয়া। মাঝের সময়টায় টানা নয়টি ওয়ানডে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
সিরিজের চতুর্থ ম্যাচ আগামীকাল হেডিংলিতে। এএফপি, ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩০০/৮ (টেলর ১০১, রয় ৬৩, মরগান ৬২; কামিন্স ২/৫০, ম্যাক্সওয়েল ২/৫৬)। অস্ট্রেলিয়া: ৪৪ ওভারে ২০৭ (ফিঞ্চ ৫৩, ওয়েড ৪২; মঈন ৩/৩২, প্লাঙ্কেট ৩/৬০, রশিদ ২/৪১, ফিন ২/৪৩)।
ফল: ইংল্যান্ড ৯৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জেমস টেলর।