সিরিজে ফিরল নিউজিল্যান্ড
দুই ওপেনারের ব্যাট হাসল, আর তাতেই হাসল নিউজিল্যান্ডও। মার্টিন গাপটিল ও টম ল্যাথামের জুটিতে এল ২৩৬ রান, যেটি নিউজিল্যান্ডের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি। দুই ওপেনারের জোড়া সেঞ্চুরিতে প্রথম ওয়ানডের দুঃস্বপ্ন ভুলল কিউইরা। জিম্বাবুয়ের দেওয়া ২৩৬ রানের লক্ষ্য পেরিয়ে গেল ৪৬ বল আর সব কটি উইকেট হাতে রেখেই। তিন ম্যাচের সিরিজেও ফিরল ১-১ সমতা।
দিনটি অবশ্য হতে পারত ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পাওয়া জিম্বাবুইয়ান ব্যাটসম্যান সিকান্দার রাজার। সাত নম্বরে ব্যাট করতে নেমে ৯৫ বলে ১০০ রানের দারুণ ইনিংস খেলেছেন। ১৪৬ রানে ৮ উইকেট পড়ে যাওয়ার পর নবম উইকেটে তিনাশে পানিয়াঙ্গারার সঙ্গে রাজার ৮৯ রানের জুটিটাই জিম্বাবুয়ের রানটাকে ২৩৫ পর্যন্ত নিয়ে যায়।
ওয়ানডেতে এ নিয়ে সপ্তমবারের মতো ১০ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড, যার সর্বশেষটিও ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৩৫/৯ (রাজা ১০০*, চিবাবা ৪২, পানিয়াঙ্গারা ৩৩, উইলিয়ামস ২৬ ; সোধি ৩/৩৮, এলিয়ট ২/২৭। নিউজিল্যান্ড: ৪২.২ ওভারে ২৩৬/০ (গাপটিল ১১৬*, ল্যাথাম ১১০*)। ফল: নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী।