সিরিজে ফিরল ভারত

ভারতের মাটিতে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ পরপর দুই ম্যাচে জেতেনি কত দিন? পরিসংখ্যান বলছে, তা প্রায় একযুগ! সর্বশেষ ২০০২ সালের নভেম্বরে সাত ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। অনেকদিন পর আজ সিরিজের প্রথম দুই ম্যাচ জেতার সুযোগ এসেছিল ওয়েস্ট ইন্ডিজের সামনে। কিন্তু মওকা কাজে লাগাতে পারেনি ডোয়াইন ব্রাভোর দল। উল্টো ওয়েস্ট ইন্ডিজকে ৪৮ রানে হারিয়ে সিরিজে ফিরল ভারত।
২৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে একটা সময় ম্যাচ নিজেদের করে নেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা । ডোয়াইন স্মিথ ও ড্যারেন ব্রাভোর উদ্বোধনী জুটিতেই এল ৬৪। ওয়েস্ট ইন্ডিজের তখন দরকার ১২৮ বলে ১২৮ রান, হাতে ৯ উইকেট। ব্যাট দারুণভাবে কথা বলছে স্মিথের। হঠাৎ দিকভ্রান্ত ক্যারিবীয় ব্যাটসম্যানরা। ১ উইকেটে ১৩৬ থেকে ৮ উইকেটে ১৯৯—৬৩ রানেই নেই ৭ উইকেট! অতঃপর ৪৬.৩ ওভারে ২১৫ রানে অলআউট।
সিরিজের প্রথম ম্যাচে ৪ রানের জন্য হাফ সেঞ্চুরি ফসকে গিয়েছিল স্মিথের। এ ডানহাতি ওপেনার আজ কাটা পড়লেন নড়বড়ে নব্বইয়ে। মোহাম্মদ সামির বলে বোল্ড হওয়ার আগে করলেন দলের পক্ষে সর্বোচ্চ ৯৭। মূলত স্মিথ ফিরে যাওয়ার পরই ছন্দ হারিয়ে ফেলেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা।
ম্যাচে ফিরতে কার্যকরী ভূমিকা পালন করেছেন সামি, রবীন্দ্র জাদেজা ও অমিত মিশ্র। এ ত্রয়ীর নিয়ন্ত্রিত বোলিং ও নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেওয়ায় ম্যাচ নিজেদের করে নিয়েছে ভারত। সামির দখলে ৪ উইকেট, জাদেজা পেয়েছেন ৩টি ও মিশ্র ২টি।
এর আগে টসে জিতে প্রথম ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৩ তোলে ভারত। বহুদিন পরে রানে ফিরেছেন বিরাট কোহলি। ভারতীয় ব্যাটিং সেনসেশন করেন ৬২, এছাড়া সুরেশ রায়নার ব্যাট থেকে এসেছে ৬২।
এ জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা আনল ভারত।