সিরিজে ফিরল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে চেনা সেই কোহলি! ম্যাথু ওয়েডের আউটে জয়ের দিকে ভারত আরেকটু এগিয়ে যাওয়ার পর বিরাট কোহলির হুংকার l এএফপি
অবশেষে চেনা সেই কোহলি! ম্যাথু ওয়েডের আউটে জয়ের দিকে ভারত আরেকটু এগিয়ে যাওয়ার পর বিরাট কোহলির হুংকার l এএফপি

চেতেশ্বর পূজারা আর অজিঙ্কা রাহানের ব্যাটে চড়ে ভারত ১২৬ রানের লিড পেয়ে গিয়েছিল আগের দিন শেষেই। বিরাট কোহলি জানতেন, এই উইকেটে দেড় শর বেশি যেকোনো রান তাড়া করা দুঃসাধ্য হয়ে যাবে অস্ট্রেলিয়ার জন্য। জানতেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথও। কিন্তু ভারতকে আটকাতে পারলেন না।

কাল সকালে অস্ট্রেলিয়ান পেসারদের তোপে পড়ে কোহলির দল যখন ২৭৪ রানে অলআউট হলো, ততক্ষণে ১৮৭ রানের লিড হয়ে গেছে। এই উইকেটে ১৮৮ করে ম্যাচ জিততে হলে অস্ট্রেলিয়ার কাউকেও ‘পূজারা’ বা ‘রাহানে’ হতে হতো। রবিচন্দ্রন অশ্বিন সেটাও হতে দিলেন না। তাঁর স্পিনে দিশেহারা হয়ে স্মিথের দল অলআউট হয়ে গেল ১১২ রানে। ৭৫ রানে ম্যাচ জিতে চার ম্যাচের সিরিজে ১-১ সমতা আনল ভারত। টিকে থাকল তাদের বোর্ডার-গাভাস্কার ট্রফি ফিরে পাওয়ার আশাও। একই সঙ্গে নিশ্চিত করল সিরিজ শেষেও টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকাটাও।

তৃতীয় দিনের শেষ সেশনটা উইকেটশূন্য থাকার পর কাল সকালেই ঘুরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ান বোলাররা। আরও নির্দিষ্ট করে বললে দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। ৪ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শুরু করা ভারত আরও ২৫ রান যোগ করার পর ধসের মুখে পড়ে। পরের ২০ রানের মধ্যে হারায় ৫ উইকেট। ৪ উইকেটে ২৩৮ থেকে স্কোর হয়ে যায় ৯ উইকেটে ২৫৮। বেঙ্গালুরুর এই উইকেটে প্রতিটি রান কত মূল্যবান, সেটি জানতেন বলেই শেষ উইকেটে ঋদ্ধিমান সাহা আর ইশান্ত শর্মা মাটি কামড়ে পড়ে থেকে যোগ করেছেন আরও ১৬ রান। আগের দিনের ৩ উইকেটের সঙ্গে কাল আরও ৩ উইকেট হ্যাজলউডের। ওদিকে রাহানে আর করুন নায়ারকে আউট করে যোগ্য সঙ্গ দিয়েছেন স্টার্ক।

প্রথমবারের মতো ভারতে এসেই টেকনিকের কারণে প্রশংসিত হয়েছেন ম্যাট রেনশ। কিন্তু কাল তাঁকে বেশিক্ষণ টিকতে দেননি ঈশান্ত শর্মা। তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার খেই হারানোর শুরুও তাঁর উইকেট দিয়েই। ওদিকে অশ্বিন শুরু করলেন ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে। ডিআরএসও একটা বড় ভূমিকা রেখেছে অস্ট্রেলিয়ার ইনিংসে। ওয়ার্নার একটি রিভিউ নষ্ট করে গেছেন। ওদিকে শন মার্শের এলবিডব্লিউর বেলায় রিভিউই নেয়নি অস্ট্রেলিয়া, অথচ পরে রিপ্লেতে দেখা গেছে বল লাইনের অনেক বাইরে ছিল। দুর্দান্ত খেলতে থাকা অধিনায়ক স্টিভেন স্মিথ আউট হয়েছেন উমেশ যাদবের প্রায় গড়িয়ে আসা এক বলে, এলবিডব্লু হয়ে। এরপর এই ম্যাচ জেতার আশা বাড়াবাড়ি। ৪১ রানে ৬ উইকেট নিয়ে অশ্বিন প্রায় একাই গুঁড়িয়ে দিলেন অস্ট্রেলিয়াকে। ৪ উইকেটে ১০১ তোলা অস্ট্রেলিয়া আর ১১ রান যোগ করতেই হারায় বাকি ৬ উইকেট! স্টার স্পোর্টস।